ঢাকাSaturday , 11 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

জিকোর দৃঢ়তায় আরামবাগকে হারিয়ে শীর্ষস্থান অটুট কিংসের

BDKL DESK
April 11, 2026 6:38 pm
Link Copied!

নিজেদের ডেরায় প্রথমার্ধে চিরচেনা আগ্রাসী রূপে দেখা মিললেও দ্বিতীয়ার্ধে বেশ চাপে পড়েছিল বসুন্ধরা কিংস। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে পাঁচবারের চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আরামবাগ ক্রীড়া সংঘ।

তবে সমতায় ফেরার দারুণ সুযোগ হাতছাড়া করায় শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি তারা। শনিবার কিংস অ্যারেনায় ঘাম ঝরানো এক জয়ে বাংলাদেশ ফুটবল লিগের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল কিংস।

ম্যাচের প্রথমার্ধ ছিল একেবারেই স্বাগতিকদের নিয়ন্ত্রণে। ২৪ মিনিটেই কাঙ্ক্ষিত লিডের দেখা পেয়ে যায় লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা।
মাঝমাঠ থেকে ইউসুফের বাড়ানো দারুণ এক থ্রু বল ধরে বক্সে ঢুকে কাটব্যাক করেন রাকিব। সেখানে ওঁত পেতে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেজ নিখুঁত শটে বল জালে জড়ান।

প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কিংস। এবার রাকিবের পাস থেকে বল পেয়ে ডান প্রান্ত থেকে ক্রস বাড়ান দোরিয়েলতন, আর বল মাটিতে ড্রপ খাওয়ার পর দারুণ এক হেডে আরামবাগের গোলরক্ষককে বোকা বানান ইমানুয়েল সানডে। বিরতির ঠিক আগে (৪৫ মিনিটে) রাকিবের ক্রসে ফাহিম সামান্যর জন্য বলের নাগাল না পেলে ২-০ গোলের স্বস্তিদায়ক লিড নিয়েই লকার রুমে যায় বসুন্ধরা।

বিরতির পর যেন খোলস ছেড়ে বেরিয়ে আসে আরামবাগ। ৫৫ মিনিটে ফাহিমের কর্নার থেকে দোরিয়েলতনের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এর ঠিক পরের মিনিটেই নাটকীয়তার সৃষ্টি হয়। নিজেদের অর্ধ থেকে আসা লম্বা পাস ধরে আরামবাগের ফরোয়ার্ড কিজিতো কিংস গোলরক্ষক জিকোকে পরাস্ত করে বল জালে জড়ালেও রেফারি হ্যান্ডবলের বাঁশি বাজান। সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রেফারির সাথে তর্কে জড়িয়ে পড়েন আরামবাগের রকি।

তবে ৬৩ মিনিটে ঠিকই ম্যাচে ফেরে সফরকারীরা। দারুণ এক সাইড ভলিতে লক্ষ্যভেদ করে কিংস শিবিরে কাঁপন ধরিয়ে দেন মিলস, ব্যবধান নেমে আসে ২-১ এ। এর চার মিনিট পর (৬৭ মিনিটে) সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল আরামবাগ। কিন্তু রকির ক্রসে মিলসের নেওয়া শক্তিশালী হেড বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে রুখে দিয়ে কিংসের ত্রাতা হিসেবে আবির্ভূত হন গোলরক্ষক জিকো।

ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল কিংসও। ৬৯ মিনিটে ইউসুফের লম্বা থ্রো-ইন থেকে বিশ্বনাথের নেওয়া ভলি সতীর্থ সানডের গায়ে লেগে ফিরে আসে। আর ৮৮ মিনিটে দোরিয়েলতনের একটি বুদ্ধিদীপ্ত চিপ শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। শেষমেশ ২-১ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে কিংস।

এই জয়ের ফলে ১২ রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চূড়াতেই থাকল বসুন্ধরা কিংস। দিনের অপর ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে ফর্টিস এফসি। অন্যদিকে হেরে যাওয়া পুলিশ ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে এবং আরামবাগ মাত্র ৯ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতেই পড়ে রইল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।