সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে প্রথমার্ধের দুই গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে শিরোপার পথ সহজ করেছে অর্পিতা-আলপিরা। এমন জয়ের পর খুশি ইংলিশ কোচ পিটার বাটলারও।
পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার রাউন্ড রবিন লিগে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ দল। নেপালকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা ভারতের এটি প্রথম হার। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। ম্যাচের পর কোচ বাটলার বলেছেন, ‘মেয়েরা অসাধারণ মানসিকতা এবং দৃঢ়তা দেখিয়েছে। আমাদের শুরুটা খুব একটা ভালো হয়নি। কিছু চোট ছিল, কয়েকজনের ব্যথা ছিল। কিন্তু আমার মনে হয়, প্রথম দিকের হালকা ঝড়, চাপ, যা ইচ্ছা তাই বলুন, আমরা সেটা কাটিয়ে উঠেছি।’
এই ম্যাচে যোগ্যতর দল হিসেবে বাংলাদেশ জিতেছে- এমনটি জানিয়ে বাটলারের মূল্যায়ন, ‘ওই সময়ও ভেবেছিলাম চালিয়ে যাবো এবং সত্যিই খুব ভালোভাবে খেলাটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। ম্যাচে ভারতের অবশ্যই গোলের সুযোগ তৈরির সুযোগ ছিল। তাদের কিছু সত্যিই ভালো খেলোয়াড় আছে এবং আমি মনে করি, তারা আমাদের চেয়ে লম্বা, শারীরিকভাবে আরও বেশি শক্তিশালী। আমাদের মেয়েরা তুলনামূলক তাদের চেয়ে ছোটখাটো গড়নের এবং দুর্বল। তবে, আমরা মানসিক শক্তি দেখিয়েছি এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছি। আমরা জয়ের যোগ্য ছিলাম।’
প্রথমার্ধের শেষ দিকে মামনি চাকমা ও ক্রানুচিং মারমাকে এবং দ্বিতীয়ার্ধে সুরভি আকন্দ প্রীতি, জয়নব বিবি রিতা ও তৃষ্ণা রানীকে তুলে নেন বাটলার। সুযোগ দেন প্রতিমা মুন্দা, শান্তি মার্দি, বন্যা খাতুন, মৌমিতা খাতুন ও মিরা খাতুনকে। এই বদল নিয়ে বাটলারের ব্যাখ্যা, ‘আমার মনে হয় না স্ট্রাইকারদের তুলে নিয়েছি। চোট সমস্যা ছিল, সুরভির চোট ছিল। প্রীতি, তৃষ্ণাও একটু আঘাত পেয়েছিল, কিন্তু ৭৫ মিনিট পর্যন্ত আমি তাদের তুলে নেইনি। ম্যাচের আগে ক্রানুচিংয়ের ঘাড়ে ব্যথা ছিল, তাই সে অস্বস্তিতে ছিল বলে তুলে নিয়েছিলাম। রক্ষণের পাশাপাশি আক্রমণাত্মক দিকটিও দেখতে হবে। যদি না পারে, আমি তাকে টানবো না; গত দুই বছরে আমি এটির ওপর রক্ষণের দায়িত্বের প্রশ্নে- যাদের দিয়ে হবে না, তাদের বয়ে বেড়াবো না। তাই সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।’
রাউন্ড রবিন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
