ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ। দেশের ফুটবলারদের ব্যস্ত সূচির কারণে বিদেশেই কাটছে ঈদ। ভিয়েতনাম, থাইল্যান্ড, মালদ্বীপ- এই তিন ভিন্ন দেশে অবস্থান করছেন দেশের ফুটবলাররা।
ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ ছেলেদের জাতীয় ফুটবল দল শুক্রবার রাতে রওনা দিয়েছেন। আজ শনিবার (২১ মার্চ) সকালে তারা পৌঁছেছেন হ্যানয়ে। বিমানবন্দরে পৌঁছেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামাল ভূঁইয়া-শমিত শোমরা।
অনূর্ধ্ব-২০ নারী দল আজ সকালে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়ে দুপুরে পৌঁছেছে। বাফুফে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ছবি পোস্ট করে লিখেছে, ‘ব্যাংককে অবতরণ। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল থাইল্যান্ডে পৌঁছেছে। এরই মধ্যে টিম হোটেলে চেক ইন করেছে।’
ঈদের ছুটি শেষে ব্যস্ততা শুরু হবে ছেলেদের বয়সভিত্তিক দলেরও। অনূর্ধ্ব-২০ সাফ খেলতে তারা চলে গেছে মালদ্বীপে। এই দলে আছেন- যুক্তরাষ্ট্র প্রবাসী দুই জমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান। মালদ্বীপে পৌঁছার পর বাফুফে ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘মালদ্বীপে অবতরণ। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে দল পৌঁছে গেছে।’
বিদেশে উড়াল দেয়ার আগে দেশে যখন ছিলেন ফুটবলাররা, তাদের মধ্যে গুলশানের হোটেল রেনেসাঁয় অবস্থান করছিল ছেলেদের জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়রা। কিন্তু নারী ফুটবলাররা ছিলেন বাফুফে ভবনে। থাইল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগে দলের বর্তমান অবস্থা ও প্রস্তুতিসহ অনেক বিষয়ে কথা বলেছিলেন বাটলার।
বাফুফের ভিডিও বার্তায় নারী দলের কোচ বলেছিলেন, ‘আমি জানি আমরা এখন রেনেসাঁয় বসে স্টেক এবং ভালো কোনো সবজি খাচ্ছি না। কিন্তু আমরা পুরোপুরি প্রস্তুত। ফলাফলের কথা চিন্তা না করে আমরা আমাদের সেরাটা দেব।’
আমিনুল হক গত রাতে বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে দেখা করেছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, কোচ হাভিয়ের কাবরেরা, জামাল ভূঁইয়াসহ বিশাল বহরের সঙ্গে ছবি তোলেন আমিনুল। জামাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করে ক্যাপশনে দিয়েছেন, ‘আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় আমিনুল হক দেখা করতে এসেছেন।’
অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের সঙ্গেও আমিনুল দেখা করেছেন। বয়সভিত্তিক নারী এশিয়ান কাপের জন্য ফুটবলারদের শুভকামনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ছেলেদের জাতীয় দল ২৬ ও ৩১ মার্চ ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। যার মধ্যে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ। নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
