ঢাকাSaturday , 4 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

দেশের গলফে আসছে দারুণ সময়: সিদ্দিকুর

BDKL DESK
April 4, 2026 10:47 pm
Link Copied!

স্থানীয় কোচ ও গলফারদের মান উন্নয়নে আয়োজিত চার দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ‘টেকনিক্যাল কোর্স ফর কোচেস ইন গলফ’ সাফল্যের সাথে শেষ হয়েছে। বাংলাদেশ গলফ ফেডারেশনের উদ্যোগে এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহযোগিতায় আর্মি গলফ ক্লাবের গলফ একাডেমিতে এই আয়োজন করা হয়।

প্রশিক্ষণ শেষে দেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, “গলফে বেসিক টেকনিক্যাল বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। গত চার দিনে স্লোভেনিয়ার কোচের কাছে অনেক নতুন কিছু শিখলাম। আমাদের গলফার এবং স্থানীয় কোচরা যদি নিয়মিত এমন সুযোগ পায়, তবে এটা নিশ্চিত যে দেশের গলফে সামনে দারুণ সময় আসছে।” সিদ্দিকুরের সাথে এই কোর্সে অংশ নিয়েছিলেন তার স্ত্রী ও তারকা নারী গলফার সামাউন আনজুম অরণীও। তিনি প্রতিনিয়ত এমন প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এই কোর্সে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্বখ্যাত গলফ কোচ স্লোভেনিয়ার ইউরোস গ্রেগরিচ। বাংলাদেশের গলফ সম্ভাবনা দেখে মুগ্ধ এই কোচ বলেন, “এখানকার কোচদের মধ্যে দারুণ প্রতিভা ও শেখার আগ্রহ আছে। গলফে বাংলাদেশের ভালো করার সব সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এমন আয়োজনে ট্রেনার হতে পেরে আমি খুবই খুশি।”

বাংলাদেশ গলফ ফেডারেশনের (বিজিএফ) ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) মাসুদ রাজ্জাক জানান, সিদ্দিকুর রহমান অলিম্পিকের মতো বড় আসরে ওয়াইল্ড কার্ড ছাড়াই খেলে প্রমাণ করেছেন আমাদের সম্ভাবনা কতটা। সেই মেধাকে কাজে লাগাতে হলে সবার আগে দরকার দক্ষ কোচ। নতুন গলফার তৈরির কারিগরদের শেখানোর মধ্যে যেন কোনো ঘাটতি না থাকে, সে লক্ষ্যেই এই অভিনব আয়োজন।

ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাঈদ সিদ্দিকী বলেন, “দেশের গলফের উন্নতি করতে হলে কোচদের মান উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। এই ট্রেনিং স্থানীয় কোচদের আরও বেশি দক্ষ করে তুলবে।” জাতীয় দলের কোচ নাদিম হোসেনও মনে করেন, দেশের মাটিতে এমন উন্নত প্রশিক্ষণ নতুন গলফার তৈরিতে বড় ভূমিকা রাখবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ-র সেক্রেটারি জেনারেল মো. জোবায়দুর রহমান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী স্থানীয় কোচদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় এবং প্রশিক্ষক ইউরোস গ্রেগরিচকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।