বর্ণবাদ ও বৈষম্যের একাধিক অভিযোগে ইসরায়েল ফুটবল সংস্থাকে এক লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় এক লাখ ৯০ হাজার ডলার) জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার শৃঙ্খলা কমিটির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ফুটবল কর্তৃপক্ষ তাদের সদস্য ক্লাব বেইটার জেরুজালেম-এর বিরুদ্ধে দীর্ঘদিনের বর্ণবাদী আচরণের ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে ক্লাবটির সমর্থকদের ধারাবাহিক বর্ণবাদী স্লোগান ও আরব খেলোয়াড়দের উদ্দেশে অপমানজনক মন্তব্যকে ‘প্রাতিষ্ঠানিক সমস্যা’ হিসেবে উল্লেখ করা হয়। খবর আল জাজিরার।
এই তদন্ত শুরু হয় ২০২৪ সালে, যখন প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বৈষম্যের অভিযোগ তুলে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। তবে ফিফা ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি নাকচ করলেও, সংস্থাটির আচরণকে তাদের নীতিমালার পরিপন্থি বলে রায় দেয়।
শাস্তির অংশ হিসেবে আইএফএ-কে সতর্কবার্তা দেয়া হয়েছে এবং পরবর্তী তিনটি আন্তর্জাতিক ম্যাচে ‘ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড- নো টু ডিসক্রাইমিশন’ বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি জরিমানার এক-তৃতীয়াংশ অর্থ ব্যয় করতে হবে বৈষম্য প্রতিরোধমূলক কার্যক্রমে। অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ক্লাবগুলোর অংশগ্রহণ নিয়ে পৃথক তদন্তে ফিফা কোনো ব্যবস্থা নেয়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
