২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল গ্রুপ পর্বে ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে সরানোর অনুরোধ ফিফা খারিজ করেছে। তেহরান চেয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার কারণে তাদের ম্যাচগুলো নিরাপদভাবে মেক্সিকোতে আয়োজন করা হোক, কিন্তু ফিফা জানিয়েছে— ইতিমধ্যে ঘোষিত সূচি অনুযায়ীই ইরানকে যুক্তরাষ্ট্রে খেলতে হবে। খবর রয়টার্স
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের ফুটবল ফেডারেশন নিরাপত্তার উদ্বেগ তুলে মেক্সিকোতে স্থানান্তরের প্রস্তাব দিয়েছিল। তবে ফিফার পক্ষ থেকে মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বকাপের ম্যাচগুলো ২০২৫ সালের ৬ ডিসেম্বর ঘোষিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। অর্থাৎ ইরানকে তাদের গ্রুপ ‘জি’-এর ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে খেলতে হবে।
ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ বলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট নিজেই আমাদের দলের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছেন না, তখন আমরা যুক্তরাষ্ট্রে যাব না। আমরা মেক্সিকোর সঙ্গে আলোচনা করছি যাতে আমাদের ম্যাচগুলো সেখানে আয়োজন করা হয়।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম জানিয়েছেন, ফিফা রাজি থাকলে দেশটি ইরানের গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন করতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে মেক্সিকোর কূটনৈতিক সম্পর্ক আছে, তাই আমরা ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।
ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসানদিদেহ অভিযোগ করেছেন, ওয়াশিংটন ইরানি প্রতিনিধি দলের ভিসা প্রদান ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তায় যথাযথ সহযোগিতা করছে না। বর্তমান সূচি অনুযায়ী, ইরানের দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে (নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিরুদ্ধে) এবং একটি ম্যাচ সিয়াটলে (মিশরের বিরুদ্ধে) হওয়ার কথা।
বিশ্বকাপে রাজনৈতিক কারণে ভেন্যু পরিবর্তনের ঘটনা নতুন নয়। ইউক্রেন-রাশিয়া ও ভারত-পাকিস্তান দ্বন্দ্বের উদাহরণ আগে দেখা গেছে। তবে এবার ইরানের জন্য পরিস্থিতি আরও জটিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধের মধ্যেই খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা সহজ নয়।
ফিফা জানিয়েছে, তারা নিয়মিত ইরানের ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রাখছে। কিন্তু যদি মেক্সিকোতে ম্যাচ আয়োজনের দাবি মেনে নেয়া না হয়, তবে ইরান বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে। এতে বিশ্বকাপের গ্রুপ ‘জি’-এর প্রতিযোগিতা ও দর্শক আগ্রহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু হবে আগামী ১১ জুন মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে। এশিয়া থেকে জাপানের পর দ্বিতীয় দল হিসেবে প্রায় এক বছর আগে বিশ্বকাপ নিশ্চিত করেছিল ইরান। ফিফার এই অনড় সিদ্ধান্তের ফলে, ইরানকে মাঠে নামাতে হবে ভূ-রাজনৈতিক মধ্যে সংকটের মধ্য দিয়ে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
