নারী ফুটবল লিগে গোল উৎসব করেছে রাজশাহী স্টার্স ফুটবল ক্লাব। আলপি আক্তার ও ঋতুপর্ণাদের নৈপুণ্যে তারা ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সিরাজ স্মৃতিকে। দিনের অন্য ম্যাচে ফরাশগঞ্জ ২-০ গোলে বিকেএসপিকে হারিয়েছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ঋতুপর্ণারা আজ গোল উৎসব করেছে। আলপী আক্তার পাঁচটি, ঋতুপর্ণা হ্যাটট্রিক, নেপালের দীপা সাহী, শাহেদা আক্তার রিপা জোড়া গোল ও মুনকি আক্তার একবার জাল কাঁপিয়েছেন। রাজশাহী স্টার্সের শিরোপা জয়ে পরের ম্যাচে প্রতিপক্ষ সেনাবাহিনী। লিগের শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হবে।
অন্য ম্যাচে ফরাশগঞ্জ বিকেএসপির বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে। মনিকা চাকমা ও শামসুন্নাহার জুনিয়রের গোলে এসেছে তিন পয়েন্ট।
আট ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে রাজশাহী টেবিলের শীর্ষে। ১১ দলের লিগে আর দুই ম্যাচ বাকি রয়েছে। শেষ দুই রাউন্ডের খেলা জাতীয় নির্বাচনের পর হবে। আগামীকাল সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টে খেলতে কাঠমান্ডু যাবে বাংলাদেশ। নারী লিগে শীর্ষ অনেক দলেই অনূর্ধ্ব-২০ দলের ফুটবলার রয়েছে। সেজন্য ৭ ফেব্রুয়ারি সাফ টুর্নামেন্ট পর্যন্ত বাফুফে নারী লিগে বিরতি রাখার সিদ্ধান্ত নিয়েছে। বয়সভিত্তিক জাতীয় দল দেশে ফেরার পর ১০ ও ১৩ ফেব্রুয়ারি শেষ দুই রাউন্ড খেলা পরিচালনার পরিকল্পনা ফেডারেশনের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
