গতকাল মাঝ রাতে হঠাৎ বুকে ব্যথা উঠলে নিজেই কিছু দূর হেঁটে হাসপাতালে যাওয়ার চেষ্টা করেছিলেন। একপর্যায়ে ভাইয়ের সহায়তায় গাড়ীতে করে দ্রুত হাসপাতালে পৌঁছেও শেষ রক্ষা হয়নি জাকি আহমেদ রিপনের। দেশের অন্যতম ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডের সাবেক ডিফেন্ডার ও হকি সংগঠক বাড়িতে ফিরলেন নিথর দেহে। ষাটোর্ধ্ব রিপন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ার সময় স্ত্রী ও দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার ধানমন্ডির মধুবাগ মসজিদ ও এরপর প্রিয় আবাহনী ক্লাবে বাদ আসর জানাজার পর রায়েরবাজার কবরস্থানে চিরশায়িত হবেন তিনি।
হকির জন্য নিবেদিত প্রাণ এই সংগঠককে হারিয়ে একসময়ের সতীর্থ সাবেক তারকা খেলোয়াড় মাহবুব হারুন বলেছেন, ‘রিপন ভাই হঠাৎ চলে যাবেন ভাবতে পারিনি। তার ও আমার বাসা কাছাকাছি। আজ সকালে বাসার নিরাপত্তা কর্মীর কাছ থেকে এমন দুঃসংবাদ শুনতে হয়েছে। রাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেলেও ডাক্তাররা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। আমরা আবাহনী অন্তঃপ্রাণ একজন ভালো সংগঠক হারালাম।’
প্রায় চার দশক আবাহনী ক্লাব ও হকির সঙ্গে রিপনের সম্পৃক্ততা। সোনালি ব্যাংকে এক বছর খেলার পর আবাহনীতে এসে আর দল ছাড়েননি। খেলোয়াড়ি জীবন শেষে নিবেদিত সংগঠক হয়েছেন। আবাহনী হকি দলের ম্যানেজার হিসেবে পরিচিতি বেশি ছিল। আবাহনী হকি কমিটির সেক্রেটারি ছিলেন তিনি।
হকি ফেডারেশনের কমিটিতেও ছিলেন অনেকবার। কমিটিতে যুগ্ম সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
রিপনের আকস্মিক মৃত্যুতে আবাহনী ক্লাব ও হকি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক খেলোয়াড়, সংগঠক ও বিভিন্ন ক্রীড়া সংগঠন রিপনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও হকি ফেডারেশনও।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
