অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন ভারতের চেন্নাইয়ে অবস্থান করছে। আগামী ২৮ নভেম্বর বিশ্বকাপ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে প্রথমবার খেলতে গিয়ে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। চিলিকে ৩-০ গোলে পর সুইজারল্যান্ডকেও ৫-২ গোলে হারাল বাংলাদেশ।
বুধবার (২৬ নভেম্বর) চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ হকি স্টেডিয়ামে যুব বিশ্বকাপ হকির শেষ অনুশীলন ম্যাচে সুইজারল্যান্ডকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আমিরুল জোড়া গোল এবং হুজিফা, রকি এবং জয় যথাক্রমে একটি করে গোল করেছেন।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলকে সুইজারল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ছিল ফেডারেশনের। কিন্তু ভিসা জটিলতায় বাংলাদেশ দল শেষ পর্যন্ত ইউরোপ সফরে যেতে পারেনি। তখনই সুইজারল্যান্ডের সঙ্গে আলোচনা করে বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় ফেডারেশন।
এবারই প্রথম হকিতে ২৪ টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। বাংলাদেশ র্যাংকিংয়ে পিছিয়ে থাকায় ‘এফ’ গ্রুপে চতুর্থ দল হিসেবে রয়েছে। এই গ্রুপের শীর্ষ দল গত আসরের রানার্স আপ ফ্রান্স। অন্য দুই দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
