ঢাকাSunday , 23 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, অবসরে অধিনায়ক

BDKL DESK
November 23, 2025 10:05 pm
Link Copied!

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ২৫-১৮ পয়েন্টে চাইনিজ তাইপের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ২০১২ সালের প্রথম বিশ্বকাপে পঞ্চম হওয়া লাল-সবুজরা এবার প্রথমবারের মতো বিশ্ব আসর থেকে ব্রোঞ্জ পদক জিতে টুর্নামেন্ট শেষ করল।
প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ১২ পয়েন্টে হারা ইরানের চেয়ে বাংলাদেশের হার ব্যবধান কম হওয়ায় তৃতীয় স্থান নিশ্চিত হয় বাংলাদেশের। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন চাইনিজ তাইপে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। প্রথমার্ধ শেষে তারা ৯-৮ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির ঠিক আগে বাংলাদেশের একটি সুপার ট্যাকল ব্যবধান কমিয়ে আনে।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে খেলায় ফিরে এগিয়ে যায় বাংলাদেশ (১০-৮)। তবে দ্রুতই ম্যাচে সমতায় ফেরে চাইনিজ তাইপে (১০-১০)। এরপরই বাড়তে থাকে তাদের গতি ও টেকনিক্যাল দাপট। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে অল-আউট করে ১৫-১২ পয়েন্টে এগিয়ে যায় চাইনিজ তাইপে। ম্যাচের বাকি সময়ে সেই দাপট বজায় রেখে ২৫-১৮ পয়েন্টে জয়ের হাসি নিয়ে ফাইনালে ওঠে তারা। সোমবার তারা মোকাবিলা করবে ভারতের সঙ্গে।

ম্যাচ শেষে বাংলাদেশের স্মৃতি আক্তার বলেন, আমরা অনেক লড়াই করেছি, চাইনিজ তাইপে খুবই ভালো দল। জেতার লক্ষ্য ছিল, কিন্তু পারিনি। ওদের টেকনিক, গতি আর মুভমেন্ট আমাদের চেয়ে অনেক উন্নত ছিল। তারপরও প্রথমবারের মতো পদক পাওয়ায় আমরা সন্তুষ্ট।

চাইনিজ তাইপে কোচ ডেভিড সাই বলেন, ফাইনালের আগে ভুলগুলো নিয়ে আলোচনা করবো। আমাদের আসল লক্ষ্য এশিয়ান গেমস, এই টুর্নামেন্ট তারই প্রস্তুতি। বাংলাদেশ ভালো খেলেছে, তবে রেইডে তাদের লড়াকু মানসিকতা কম দেখেছি।

এদিকে বাংলাদেশ দলের অধিনায়ক রূপালী আক্তারের জন্য দিনটি ছিল আবেগঘন। ম্যাচ শুরুর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাকে বিদায়ী মুকুট পরিয়ে দেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ‘হ্যাপি রিটায়ারমেন্ট’ লেখা উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান।

৩৪ বছর বয়সী রূপালীই ছিলেন ২০১২ সালের প্রথম নারী কাবাডি বিশ্বকাপ খেলা বর্তমান দলের একমাত্র সদস্য। ২০০৯ সালে আন্তর্জাতিক যাত্রা শুরু করা এই জামালপুরের খেলোয়াড়ের ১৬ বছরের ক্যারিয়ারে রয়েছে দক্ষিণ এশীয় গেমসের তিন আসর, তিনটি এশিয়ান গেমস এবং অসংখ্য ঘরোয়া সাফল্য। এবারের বিশ্বকাপ দিয়েই শেষ হলো তার আন্তর্জাতিক ক্যারিয়ার-সেই শেষটাও রঙিন হলো অধিনায়কত্বের দায়িত্বে থেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।