শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় শীতকালীন ক্রীড়া উৎসব, শীতকালীন অলিম্পিক ২০২৬। কনকনে শীত আর তুষারপাতের মাঝেও উত্তাপ ছড়িয়েছে মিলান-কর্তিনার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। চোখ ধাঁধানো আলোকসজ্জা, সংস্কৃতি আর প্রযুক্তির মেলবন্ধনে মুগ্ধ পুরো বিশ্ব। এবারই প্রথম একযোগে চার ভেন্যু থেকে পরিচালিত হলো উদ্বোধনী আয়োজন। দুই ভেন্যুতে জ্বলেছে অলিম্পিক মশাল।
শীতের হিমেল হাওয়া আর মিলানের তুষার ঝরা সন্ধ্যায় পর্দা উঠলো ক্রীড়া বিশ্বের অন্যতম মহাযজ্ঞের। গ্যালারি ঠাসা দর্শকদের গগনবিদারী চিৎকার আর আতশবাজির ঝলকানিতে রাতের আকাশ যেন রূপ নিয়েছিলো এক টুকরো নক্ষত্ররাজিতে। ইতালির ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য মিশেলে শুরু হলো শীতকালীন অলিম্পিক ২০২৬।
এবারের আয়োজনের মূল আকর্ষণ ছিল পারফর্মারদের নজরকাড়া প্রদর্শনী। স্থানীয় ইতালীয় লোকজ সংস্কৃতির পাশাপাশি প্রযুক্তির ব্যবহারে ফুটিয়ে তোলা হয়েছে ‘টেকসই ভবিষ্যৎ’ এর বার্তা। নামিদামি পপ তারকাদের সুরের মূর্ছনা আর শত শত নৃত্যশিল্পীর নিখুঁত ছন্দ দর্শকদের নিয়ে গিয়েছিল এক স্বপ্নের জগতে।
ড্রোন শো-র মাধ্যমে আকাশে অলিম্পিক রিং তৈরির দৃশ্যটি মুগ্ধ করেছে উপস্থিত দর্শকদের। তবে, সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন পাঁচবারের গ্র্যামি জয়ী পপ তারকা মারিয়া কেরি, ইতালিয়ান কিংবদন্তি টেনর আন্দ্রেয়া এবং গোল্ডেন গ্লোব বিজয়ী লরা পাউসিনি। তাদের পারফরম্যান্সে হারমনি বা সম্প্রীতির সুরে ছড়িয়ে দেয়া হয় এবারের আসরের থিম সং।
আকর্ষণ ছিলো আরো কিছু। এবারই প্রথম অনুষ্ঠানের মূল ভেন্যু সান সিরো ছাড়াও উদ্বোধনী আয়োজন পরিচালিত হয় আরো তিন জায়গা কর্তিনা, প্রেদাজ্জো এবং লিভিগনো থেকেও। ভেন্যুগুলোর ভৌগোলিক দূরত্ব ঘুচিয়ে এক সুতোয় গাঁথতেই এ অভিনব উদ্যোগ নেন আয়োজকরা।
মাঠের লড়াই শুরুর আগেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। শুধু মাঠে নয়, শহরজুড়ে জায়ান্ট স্ক্রিনগুলোতে খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন হাজারো মানুষ। মেলানো-কর্তিনার এ আসরে ৮টি মূল খেলায় মোট ১৬টি ডিসিপ্লিনে ১১৬টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এবারের আসরে অভিষেক হচ্ছে স্কি মাউন্টেনিয়ারিং ইভেন্টের।
৯১টি দেশের হাজারো অ্যাথলেট অংশ নেন এবারের উদ্বোধনী প্যারেডে। নিজ নিজ দেশের পতাকা হাতে গর্বিত পদচারণায় তারা জানান দেন, আগামী কদিন বরফের বুকে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের কথা। বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা ভুলে খেলাধুলার এই মিলনমেলা আবারও প্রমাণ করল—শান্তি আর সংহতির নামই অলিম্পিক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
