ঢাকাSunday , 3 May 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

তৃণমূল উন্নয়নেই ভবিষ্যৎ, ক্রীড়ায় নতুন পরিকল্পনার কথা ক্রীড়া প্রতিমন্ত্রীর

BDKL DESK
May 3, 2026 5:04 pm
Link Copied!

দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় নিতে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ এবং ‘স্পোর্টস ডিপ্লোমেসি’ বা ক্রীড়া কূটনীতিতে বিশেষ জোর দিচ্ছে সরকার। রোববার (৩ মে) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত এক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ কথা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী দেশের ফুটবল উন্নয়ন, নতুন ক্রীড়া স্থাপনা নির্মাণ এবং সরকারের ভবিষ্যৎ ক্রীড়া পরিকল্পনার নানা দিক তুলে ধরেন।

প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাদের খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামের একটি বিশেষ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত ও আশাবাদী।

প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এখন থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলার মান এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করা হবে। পাশাপাশি, ক্রীড়াঙ্গনের এই অগ্রযাত্রায় বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ড. জুবাইদা রহমানের ইতিবাচক সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রী জানান, এ উন্নয়নকে টেকসই করতে সরকার বদ্ধপরিকর।

দেশের ক্রীড়া খাতের সীমাবদ্ধতা দূর করতে ‘স্পোর্টস ডিপ্লোমেসি’র ওপর গুরুত্বারোপ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানান, এশীয় ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা বাড়াতে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ উইং খোলা হয়েছে। এর ফলে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের ক্রীড়া যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

ফুটবল প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের প্রয়োজন অনুযায়ী যাচাই-বাছাই করে দ্রুত নতুন কোচ নিয়োগ দেবে। এ প্রক্রিয়ায় কোনো সংকট তৈরি হলে ক্রীড়া মন্ত্রণালয় তা সমাধানে বাফুফের পাশে থাকবে।

এছাড়া কক্সবাজারে ফিফার অর্থায়নে একটি বিশ্বমানের ‘এক্সিলেন্স সেন্টার’ বা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের জন্য জমি বরাদ্দের দাপ্তরিক আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে। দ্রুতই জমি সংক্রান্ত বিষয়টির সমাধান হবে বলে তিনি আশ্বস্ত করেন।

পরিশেষে, দেশের ক্রীড়া সাংবাদিকতাকে পেশাদারিত্বের সঙ্গে এগিয়ে নেওয়ার জন্য বিএসজেএ-এর এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।