ঢাকাFriday , 10 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

সেপ্টেম্বরে ঢাকায় সাফ, থাকতে পারে ভিএআর!

BDKL DESK
April 10, 2026 8:36 pm
Link Copied!

সর্বশেষ ২০২৩ সালে ভারতের ব্যাঙ্গালুরুতে হয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপ। গত বছর শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসরটি। ২০২৫ সালের এপ্রিলে নানান কারণে সাফ ফুটবল স্থগিত করে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। এরপর শ্রীলঙ্কাও আয়োজক হতে পারবে না বলে জানিয়ে দেয়। সে কারণে এই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে হতে পারে সাফ চ্যাম্পিয়নশিপ। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর দুটি ভেন্যুতে প্রতিযোগিতার আয়োজন করতে চান সাফের কর্তারা। সেই জন্য ঢাকা স্টেডিয়ামের সঙ্গে আলোচনায় আছে বসুন্ধরা কিংসও। একই সঙ্গে সাফের এই আসরে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি থাকতে পারে।

তিন বার বাংলাদেশে হয়েছিল সাফ ফুটবল। প্রথমবার হওয়া ২০০৩ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের দলটি। ২০০৯ সালে আয়োজক বাংলাদেশ প্রতিযোগিতার সেমিফাইনাল খেলেছিল। সর্বশেষ ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল লাল-সবুজের দলটি। ওই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ।

মূলত হামজা চৌধুরী-শমিত সোমদের আগমনে বাংলাদেশের ফুটবলে যে উন্মাদনা তৈরি হয়েছে, সেটি কাজে লাগিয়ে বাংলাদেশে সাফ আয়োজন করতে চায় দক্ষিণ এশিয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় এমনটাই জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল, ‘হামজার জন্য এখন বাংলাদেশে ফুটবলের জোয়ার চলছে। আমরা বাফুফের সঙ্গে যোগাযোগ রাখছি এবং বাংলাদেশে সাফ আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে আমরা পুরুষ সাফ করতে চাই। স্পন্সর নিয়ে আলাপ-আলোচনা চলছে। বিপণন প্রতিষ্ঠানের সঙ্গে কিছু সমন্বয় এবং নির্বাহী কমিটির আনুষ্ঠানিক অনুমোদন এখনও বাকি।’

সাফের স্বাগতিক হওয়ার বিষয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে ফোনে সাড়া দেননি তিনি। আধুনিক ফুটবলে লেগেছে প্রযুক্তির ছোয়া। এখন বেশির ভাগ প্রতিযোগিতায় ভুল সিদ্ধান্ত এড়ানোর জন্য ভিএআর প্রযুক্তি ব্যবহার হয়ে আসছে। বাংলাদেশে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে এই প্রযুক্তি দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পুরুষোত্তম কাটেল, ‘যেহেতু রেফারির অনেক সিদ্ধান্ত খেলোয়াড়দের পছন্দ হয় না। তাই সিদ্ধান্তগুলো যেন নিখুঁত আসে সেই জন্য ভিএআর প্রযুক্তি রাখার ব্যাপারে আলোচনা চলছে।’

সাফের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপ ভারতে অনুষ্ঠিত হবে। ২৫ মে থেকে ৭ জুন দেশটির গোয়ায় অনুষ্ঠিত হবে এই আসর। তবে এই টুর্নামেন্টের ভেন্যু ভারতে হওয়ায় খেলবে না পাকিস্তান। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল বলেন, ‘পাকিস্তান ফুটবল ফেডারেশন তাদের অংশগ্রহণের জন্য সময় চেয়েছিল। নির্ধারিত সময়ের পর তারা জানিয়েছে, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না। ফলে ৬ দেশ নিয়ে হবে নারী সাফ টুর্নামেন্ট। এই মাসের শেষে ৬ দলের ড্র অনুষ্ঠিত হবে।’

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।