বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে বিদেশি কোচ নিয়ে আসছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)। আগামী অক্টোবরে বাহরাইনে অনুষ্ঠিতব্য তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস, নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমস এবং জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় এস এ গেমসকে সামনে রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে।
রোববার (৩ আগস্ট) ফেডারেশন ঘোষণা করে, থাইল্যান্ডের প্যাটারাথ্রোর্ন পাসারা আগামী দুই মাসের জন্য চুক্তিভিত্তিক কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। ২৫ বছর বয়সী এই থাই কোচের আন্তর্জাতিক ক্যারিয়ার খুব দীর্ঘ না হলেও উল্লেখযোগ্য সাফল্য রয়েছে।
২০২২ সালে তার বিশ্ব র্যাংকিং ছিল ৩১৪ নম্বরে এবং সে বছর তিনি সাউথইস্ট এশিয়ান চ্যাম্পিয়ানশিপে স্বর্ণপদক জিতেছিলেন। এছাড়া ২০২৪ সালের চিং মি সার্কিট কিংস কাপে তিনি একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক লাভ করেন। বর্তমানে তিনি আইটিটিএফের ওয়ার্ল্ড ট্যাবল টেনিস র্যাংকিংয়ে সক্রিয় নন।
বিটিটিএফ-এর সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ জানান, থাই কোচ আনার পাশাপাশি আমাদের পরিকল্পনা রয়েছে বিদেশ থেকে একজন সহকারী কোচ বা প্র্যাকটিস পার্টনার আনার। পাশাপাশি আমাদের তরুণ খেলোয়াড়দের বিদেশের একাডেমিতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থাও করতে চাই।
বর্তমানে জাতীয় ক্যাম্পে অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের একটি আট সদস্যের দল এবং পুরুষ ও নারী বিভাগের মোট ৩২ জন সিনিয়র খেলোয়াড় রয়েছেন। আগামী ৮ আগস্ট এক বাছাইপর্বের মাধ্যমে এই সংখ্যা কমিয়ে ২০ জনে আনা হবে। থাই কোচের অধীনে সম্ভাবনাময় খেলোয়াড়দের আগে প্রশিক্ষণ দেয়া হবে, বাকি খেলোয়াড়রা স্থানীয় কোচদের তত্ত্বাবধানে প্রস্তুতি নেবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
