বাংলাদেশের উদীয়মান স্পোর্টস ইন্ডাস্ট্রির আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে চীনের সক্রিয় অংশগ্রহণ ও কারিগরি সহযোগিতা প্রত্যাশা করেছে সরকার।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের দফতরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই প্রস্তাব দেন।
সাক্ষাৎকালে ক্রীড়া প্রতিমন্ত্রী চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। তিনি বাংলাদেশের প্রস্তাবিত স্পোর্টস ইনস্টিটিউটে চীনের বড় ধরনের বিনিয়োগের অনুরোধ করেন।
বিশেষ করে ভলিবল, আর্চারি ও শুটিংয়ের মতো ইভেন্টগুলোতে দক্ষ চীনা কোচ এবং উন্নত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে। এরই মধ্যে খেলোয়াড়দের জন্য বিশেষ ক্রীড়া ভাতা এবং ডিজিটাল ক্রীড়া কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দেশের ক্রীড়া খাতের আধুনিকায়নে চীনের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা বাংলাদেশের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের ডিজিটাল ক্রীড়া উদ্যোগ ও খেলোয়াড়দের মাসিক ভাতার কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং স্পোর্টস ইনস্টিটিউটে বিনিয়োগের ব্যাপারে ব্যাপক আগ্রহ প্রকাশ করেন।
চীনের জাতীয় ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে রাষ্ট্রদূত বলেন, নিয়মিত ক্রীড়া সরঞ্জাম ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের ক্রীড়া খাত আরও সমৃদ্ধ হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
