ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে এবার সব আলো কেড়ে নিলেন দুই আনক্যাপড তরুণ- প্রাশান্ত ভির ও কার্তিক শর্মা। জাতীয় দলের জার্সিতে এখনও অভিষেক না হওয়া এই দুই ক্রিকেটারের জন্য মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবির নিলাম টেবিলে রীতিমতো লড়াইয়ে নামে ফ্র্যাঞ্চাইজিগুলো। শেষ পর্যন্ত সবাইকে টেক্কা দিয়ে রেকর্ড ১৪ কোটি ২০ লাখ রুপি করে দুজনকেই নিজেদের ডেরায় ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)।
আইপিএলের ইতিহাসে এটিই কোনো আনক্যাপড ক্রিকেটারেরপ্রাপ্ত সর্বোচ্চ দাম। এর মাধ্যমে তারা ২০২২ সালে আবেশ খানের গড়া ১০ কোটি রুপির রেকর্ডটি চূর্ণ করলেন। মূলত আইপিএলের নিয়ম অনুযায়ী, কখনও জাতীয় দলে না খেলা কিংবা পাঁচ বছর কেন্দ্রীয় চুক্তিতে না থাকা ক্রিকেটারদের আনক্যাপড হিসেবে গণ্য করা হয়।
৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার প্রাশান্ত ভিরকে পেতে শুরুতেই লখনউ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ানস বিড শুরু করে। দাম ১ কোটি ছাড়াতেই লড়াইয়ে যোগ দেয় চেন্নাই। রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে দীর্ঘ দর-কষাকষি শেষে ২০ বছর বয়সী এই প্রতিভাকে দলে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা।
সৈয়দ মুশতাক আলি ট্রফিতে উত্তর প্রদেশের হয়ে খেলা প্রাশান্তের স্ট্রাইক রেট ১৬৭.১৬ এবং বল হাতে ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৬.৪৫ রান। মূলত রবীন্দ্র জাদেজার বিকল্প বা ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে গড়ে তুলতেই এই বিশাল বিনিয়োগ করেছে সিএসকে ম্যানেজমেন্ট।
১৯ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান কার্তিক শর্মার ভিত্তিমূল্যও ছিল মাত্র ৩০ লাখ রুপি। তাকে নিতে মুম্বাই, কলকাতা ও লখনউয়ের মধ্যে ত্রিমুখী লড়াই চললেও ৩ কোটি টাকা থেকে সরাসরি বিড শুরু করে চেন্নাই। শেষ মুহূর্তে হায়দরাবাদ আগ্রহ দেখালেও আগ্রাসী এই ব্যাটারকে নিতে ১৪ কোটি ২০ লাখ রুপি খরচ করতে পিছপা হয়নি চেন্নাই।
রঞ্জি ট্রফির অভিষেকে সেঞ্চুরি করা কার্তিক ১৬২.৯২ স্ট্রাইক রেটে রান তুলে এরই মধ্যে নজর কেড়েছেন। গত আসরে তিনি চেন্নাইয়ের সঙ্গে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচে অংশ নেয়ায় আগে থেকেই দলটির নজরে ছিলেন।
প্রাশান্ত ও কার্তিক ছাড়াও আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে বড় দাম পেয়েছেন জম্মু ও কাশ্মীরের ২৯ বছর বয়সী পেসার আকিব নাবি। তাকে ৮ কোটি ৪০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এছাড়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুকুল চৌধুরীকে ১ কোটি ৬০ লাখে লখনউ এবং তেজস্বী সিংকে ৩ কোটি রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
