২০২২ বিপিএলে নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিকের কীর্তিতে আলোচনায় এসেছিলেন মোহাম্মদ মৃত্যুঞ্জয় চোধুরী। বাংলাদেশ সম্ভাবনাময় এক পেসার পেতে যাচ্ছে এমন কথাও শোনা যাচ্ছিল। যদিও ক্রিকেট থেকে আচমকা উধাও হয়ে যান মৃত্যুঞ্জয়।
এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নাম লেখানো এই পেস বোলিং অলরাউন্ডার সুযোগ পাননি এখন পর্যন্ত কোনো ম্যাচেই। এর মধ্যেই পাওয়া গেল দুঃসংবাদটা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এই ক্রিকেটার।
আজ (বুধবার) বিকেলে মৃত্যুঞ্জয়ের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এমনটাই নিশ্চিত করা হয়েছে। এডমিনের করা পোস্টটিতে ক্রিকেটারের সুস্থতার জন্য দোয়া চেয়ে লেখা হয়েছে, ‘মোহাম্মদ মৃত্যুঞ্জয় বেশ কিছু দিন ধরে অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সবাই তার জন্য দোয়া করবেন যাতে সে দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারে।’
২০২২ বিপিএলে ঝলক দেখানোর পর গেল বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মৃত্যুঞ্জয়ের। সে ম্যাচে অবশ্য ৮ ওভারে ৬৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। ব্যাট হাতেও করেন মাত্র ৮ রান। এরপর আর ওয়ানডেতে সুযোগ পাননি। অবশ্য এশিয়ান গেমস ক্রিকেটে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতেও অভিষেক হয় তার। সে ম্যাচেও বলার মতো কিছু করতে পারেননি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
