ঢাকাTuesday , 20 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্বর্ণা ঝড়ে বিশ্বকাপ বাছাইয়ে জিতল বাংলাদেশ

BDKL DESK
January 20, 2026 7:08 pm
Link Copied!

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে পাপুয়া নিউ গিনির বিপক্ষে দেখা গেল স্বর্ণা আক্তারের ব্যাটিং ঝড়। আড়াই শ’র ওপর স্ট্রাইকরেট রেখে ৩৭ রানের ইনিংস খেলেছেন তিনি। তাতে প্রথমে ব্যাট করে ১৬৮ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৮ রানেই থামে পাপুয়া নিউ গিনি। ৩০ রানের জয় পায় বাংলার বাঘিনীরা।
নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাপুয়া নিউ গিনি। প্রথম ৫ ওভারেই ৪৯ রান করে ফেলে টাইগ্রেসরা। হারায় জুয়াইরা ফেরদৌসকে (১১ বলে ১৭)। আরেক ওপেনার দিলারা আক্তার খেলেন ২৯ বলে ৩৫ রানের ইনিংস। তিনে নামা শারমিন আক্তার সুপ্তা (২৮) রান পেলেও তার ইনিংস ছিল বেশ ধীরগতির (৩৪ বলে)।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। তবে দারুণ ব্যাট করেছেন পাঁচ নম্বরে নামা সোবহানা মোস্তারি। ২৪ বলে সমান ২টি করে চার ও ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি।

বাংলাদেশের রানের ঘাটতি মূলত পুষিয়ে দেন স্বর্ণা। ১৪ বলে ১টি চার ও ৪টি ছক্কায় ৩৭ করেন তিনি। শেষ মুহূর্তে তিনি আউট হলে রিতু মনি ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশের দেয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ রানে দুই উইকেট হারায় পাপুয়া নিউগিনি। তবে তৃতীয় উইকেট জুটিতে টাইগ্রেসদের ভয় পাইয়ে দিয়েছিলেন ব্রেন্ডা তাউ ও সিবোনা জিমি। ৬৪ রানের জুটি গড়েন তারা। তবে ৯৮ রানে ব্রেন্ডাকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান সোবহানা। এরপর আর পাপুয়া নিউগিনিকে দাঁড়াতেই দেননি বাংলাদেশের বোলাররা।

বিধ্বংসী ৩৭ রানের পাশাপাশি একটি উইকেট শিকার করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্বর্ণা। একটি করে উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, রিতু মনি, ফাহিমা খাতুন ও সোবহানা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। ২ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে বাংলাদেশই। গ্রুপের অন্য চার দল হলো- পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।