বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সাবেক জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ হার্টে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত সিসিইউতে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার হার্টে ব্লক ধরা পড়লে চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে রিং পরানোর সিদ্ধান্ত নেন।
রোববার (৯ নভেম্বর) বিকেলে রিং বসানোর পর বর্তমানে তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন বিসিবির একজন পরিচালক। সব ঠিক থাকলে আগামীকালই তাকে কেবিনে স্থানান্তর করা হবে।
এর আগে আজ ঢাকায় পাঁচতারকা হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত হয় বিসিবির ক্রিকেট কনফারেন্স। ওই কনফারেন্সে উপস্থিত ছিলেন ফারুক আহমেদও। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ আগস্ট বোর্ড সভায় ফারুক আহমেদকে বিসিবির সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে এদিন বোর্ড সভার শুরুতেই পদত্যাগের ঘোষণা দেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি।
ফারুক আহমেদ খেলোয়াড় জীবন শেষে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন। এরপর দ্বিতীয় মেয়াদে ২০১৩ সালে তিনি প্রধান নির্বাচকের দায়িত্ব পান। কিন্তু বিসিবির দ্বি-স্তরের নির্বাচক কমিটি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম, সীমাহীন দুর্নীতির প্রতিবাদে ২০১৬ সালে পদত্যাগ করেন তিনি। যা বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের ইতিহাসও বটে।
তার অধীনে ২০১৫ বিশ্বকাপে সাফল্যের পর ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের দুর্দান্ত সিরিজ জয় হয়। কিন্তু হঠাৎ করেই বোর্ডে দেখা যায় বিশৃঙ্খলা, কাজের মধ্যে হস্তক্ষেপ শুরু হয়। সিস্টেমেও গলদ দেখা দেয়, শুরু হয় বোর্ড কর্তাদের হস্তক্ষেপ। ২০১৬ সালে দায়িত্ব ছাড়ার পর এসব অনিয়মের কথা বিভিন্ন সময় জানিয়েছিলেন স্পষ্টভাষী ফারুক আহমেদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
