সবুজের ঘেরা মাঠ। পাশে চা বাগান এবং ক্রিকেটারদের অনুশীলনের জন্য বিস্তৃত জায়গা। বাংলাদেশের সবচেয়ে নয়নাভিরাম স্টেডিয়াম বলা হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে। সেখানেই এবার বিপিএলের প্রথম পর্বের খেলা গড়িয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ২টা থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে সিলেট পর্বের খেলা শুরু হবে। আর সন্ধ্যা ৭টায় মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিপিএলের অন্যতম আকর্ষণীয় এই দুই ম্যাচ নিয়ে সিলেটের দর্শকদের মধ্যে আগ্রহের কমতি নেই। ফলে টিকিটের প্রতি স্বাভাবিকের তুলনায় বেশি চাহিদা দেখা দিয়েছে। আর সেখানে টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য যেন থামানোই যাচ্ছে না। ফলে স্বাভাবিকভাবে দর্শকদের টিকিট পেতে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবুও হাল ছেড়ে দিচ্ছেন না তারা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্টেডিয়ামের টিকিট বিক্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, দর্শকদের উপচে পড়া ভিড়। ২০০ এবং ৪০০ টাকার টিকিট বিক্রি শেষ, তবুও দর্শকেরা সেখানে লাইন দিয়েছেন ৮০০ টাকা ও ২ হাজার ৫০০ টাকার টিকিট কিনতে।
নিজের শহরে বিপিএলের খেলা দেখবেন বলে লন্ডন থেকে চলে এসেছেন শরিফুল চৌধুরী। টিকিট কেনার জন্য তিনি লাইনে দাঁড়িয়ে বলেন, ‘এর আগে যতবার বিপিএল হয়েছে সিলেটে, আমি ততবারই খেলা দেখেছি। নিজের শহরে খেলা দেখার মজাটাই অন্যরকম। তাছাড়া ঢাকার বিপিএল থেকে আমার কাছে সিলেটের বিপিএল আরো বেশি আকর্ষণীয় মনে হয়। খেলা দেখার আগে টিকিট কিনতে চলে এলাম।’
এ সময় পাশেই টিকিট কালোবাজারিদের আনাগোনা দেখা যায়। প্রশ্ন করতেই তারা সটকে পড়েন আশেপাশের এলাকায়। এসব উপেক্ষা করে উপস্থিত টিকিট ক্রেতারা বলেন, ‘বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই সিলেটে বিপিএলের আয়োজন করায়। আমরা চাই এখানে বেশি বেশি করে খেলা আয়োজন করা হোক। তাতে মানুষের মাঝে ক্রিকেটের প্রতি উৎসাহ আর উদ্দীপনা বৃদ্ধি পাবে। আমাদের স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখার জন্য উন্মুখ হয়ে বসে থাকি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
