গ্লোবাল সুপার লিগের (জিএসএল) চলতি মৌসুমে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারছিলেন না সৌম্য সরকার। অবশেষে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ম্যাচে কোনো রান না করেই আউট হয়ে বসেন এই বাঁহাতি ওপেনার। শূন্য রানে ফেরার মধ্য দিয়ে গড়েছেন এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড, স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ‘ডাক’-এর তালিকায় উঠে এসেছেন শীর্ষে।
সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের স্পিনার অ্যাঙ্গাস শয়ের করা ইনিংসের প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে লং অনে ক্যাচ দেন সৌম্য। ফল, আরও একটি ‘গোল্ডেন ডাক’, অর্থাৎ প্রথম বলেই আউট।
এই ম্যাচসহ স্বীকৃত টি-টোয়েন্টি ফরম্যাটে সৌম্য সরকারের ‘ডাক’ সংখ্যা দাঁড়াল ৩২টি। ঠিক সমান সংখ্যক বার শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশের আরেক তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও। এই দুজনই এখন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বার ‘ডাক’ খাওয়া ব্যাটার।
তালিকার পরবর্তী স্থানে আছেন ইমরুল কায়েস, যার নামের পাশে রয়েছে ২২টি শূন্য। এরপর আছেন তামিম ইকবাল (২০ বার) ও মুশফিকুর রহিম (১৯ বার)।
বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপটে শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিন অলরাউন্ডার সুনিল নারিন। তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে রয়েছে রেকর্ড ৫০টি ‘ডাক’।
বিশ্বব্যাপী শূন্য রানে আউট হওয়ার তালিকায় সৌম্য সরকার ও সাকিব আল হাসান যথাক্রমে ৮ম ও ৯ম স্থানে অবস্থান করছেন। এমন রেকর্ড হয়তো কোনো ব্যাটারই নিজের নামের পাশে দেখতে চান না, কিন্তু বাস্তবতা এটাই বাংলাদেশের দুই পরিচিত মুখ এখন এই লজ্জার তালিকায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
