ঢাকাTuesday , 6 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘সরকার নিউটনের সূত্রের মতো প্রতিক্রিয়া দেখিয়েছে’

BDKL DESK
January 6, 2026 10:22 pm
Link Copied!

ভারতের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার জেরে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়ার ঘটনা ক্রিকেটের মাঠ ছাড়িয়ে দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার আইপিএলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে।

সবকিছুর সূত্রপাত গত ৩ জানুয়ারি। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯.২০ কোটি রুপিতে নিলামে কেনা মুস্তাফিজকে ছাড়তে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে। বিসিসিআইয়ের সচিব দেবাজিৎ সাইকিয়া এটাকে ‘সাম্প্রতিক ঘটনাবলী’র সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা করলেও সরাসরি কারণ উল্লেখ করেননি। ভারতীয় মিডিয়া ও রাজনৈতিক নেতাদের একাংশের মতে, এর পেছনে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ এবং দুই দেশের কূটনৈতিক উত্তেজনা ভূমিকা রেখেছে।

বাংলাদেশে এ ঘটনা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল প্রথমে ফেসবুকে পোস্ট করে আইপিএল সম্প্রচার বন্ধের দাবি তোলেন এবং ভারতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। পরদিন বিসিবি আইসিসির কাছে চিঠি দিয়ে নিরাপত্তার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করে। বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচই কলকাতা ও মুম্বাইয়ে নির্ধারিত ছিল।

সোমবার তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে আইপিএলের সকল সম্প্রচার ও অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মুস্তাফিজের বাদ পড়ার ‘যৌক্তিক কারণ না জানানোয়’ জনগণের মনে দুঃখ, ক্ষোভ ও আঘাত লেগেছে। এটি ‘জনস্বার্থে’ নেওয়া সিদ্ধান্ত।

মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আইপিএল সম্প্রচার বন্ধ এবং বিশ্বকাপ ম্যাচ সরানোর সিদ্ধান্ত দুটি ‘পুরোপুরি যথাযথ ও শক্তিশালী’। তিনি এটাকে নিউটনের তৃতীয় সূত্রের সঙ্গে তুলনা করে বলেন, ‘এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে তার একটা রিঅ্যাকশন হবে। নিউটনের ল, অ্যাকশন-রিঅ্যাকশন। এইটাই বললাম।’ বলে রাখা ভালো, নিউটনের তৃতীয় সূত্র হলো, ‘প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।’

তবে তিনি জোর দিয়ে বলেন, এতে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক বা বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানও একমত পোষণ করে বলেন, এটি ‘যথাযথ প্রতিক্রিয়া’ এবং আশা প্রকাশ করেন যে শুভবুদ্ধির উদয় হবে। দুই উপদেষ্টাই জানান, খেলাধুলা ও সম্পর্ক অব্যাহত রাখতে চায় বাংলাদেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।