বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নাটকীয়তা। গতকাল (মঙ্গলবার) রাতে ১৫টি ক্লাবের নির্বাচন বয়কটের গুঞ্জনের পর আজ (বুধবার) সেই গুঞ্জনই সত্যি হলো। সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১৫ জন হেভিওয়েট প্রার্থী বিসিবি নির্বাচন থেকে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
আজ (বুধবার) সকালে বেলা বাড়তেই বিসিবির কার্যালয়ে হাজির হন তামিম ইকবাল। দুপুর ১২টা পর্যন্ত ছিল পরিচালক পদের প্রার্থিতা বাতিলের শেষ সময়। তামিমসহ অন্য প্রার্থীরা সরে দাঁড়ানোয় দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ঘিরেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রার্থিতা প্রত্যাহারের কারণ স্পষ্ট করেছেন এক্সিউম ক্রিকেটার্স থেকে পরিচালক পদে মনোনয়ন প্রত্যাহার করা ইসরাফিল খসরু। তিনি গণমাধ্যমের সামনে সরাসরি অভিযোগ তুলে বলেন,‘সরকারের একটি গোষ্ঠী এখানে নগ্নভাবে হস্তক্ষেপ করছে। আপাতত এটুুকুই বলতে পারি। আমাদের পুরো বক্তব্য শিগগিরই সংবাদ সম্মেলন করে জানানো হবে।’
বিসিবি নির্বাচন প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ এবং ‘স্বেচ্ছাচারী’ হিসেবে মন্তব্য করে তিনি বলেন,‘এখানে নির্বাচনের কোনো পরিবেশ দেখছি না। খুবই দুঃখজনক ব্যাপার যে, বিসিবির নির্বাচনে এই পরিবেশ তৈরি করা হয়েছে। পুরো প্রক্রিয়াটাই ছিল অস্বচ্ছ। জেলা-বিভাগের কাউন্সিলরদের ফোন করে প্রভাব বিস্তার করা হয়েছে… আবার ১৫টি ক্লাব নিয়ে স্বেচ্ছাচারিতা দেখছি।’
ইসরাফিল খসরু দাবি করেন, এটি কোনো স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়া নয়। তার মতে,‘নতুন বাংলাদেশে আমরা এরকম নির্বাচন দেখতে পারি না। নির্বাচন ম্যানুফেকাচার করা হচ্ছে, এমনটা হতে পারে না। তাই নৈতিক জায়গা থেকে আমরা এই অবস্থান নিয়েছি।’
নির্বাচন ঘিরে সরকারের সঙ্গে সমঝোতার গুঞ্জন প্রসঙ্গে বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু বলেন,‘সমঝোতা হয় ফেয়ারনেস, যৌক্তিকতা ও সমতার ভিত্তিতে। লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে সমঝোতার প্রসঙ্গ আসে না। এখানে পুরো বিষয়টাই প্রভাবিত।’
তামিমের প্রার্থিতা প্রত্যাহারের দিনে সাঈদ ইব্রাহিম আহমেদ, রফিকুল ইসলাম বাবু ও সৈয়দ বোরহানুল ইসলামের মতো প্রভাবশালী প্রার্থীরাও নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। এই ১৫ জন প্রার্থীর সরে যাওয়ায় ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনের সমীকরণ নাটকীয়ভাবে পাল্টে গেল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
