ম্যাচের শেষ ওভারে রাকিবুর হাসানের বলে তিনটি ছক্কা হাঁকিয়েও দলকে জেতাতে পারলেন না সাইফউদ্দিন। ১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে ঢাকা ক্যাপিটালসের ইনিংস থেমেছে ৭ উইকেটে ১৭০ রানে। ফলে ১১ রানের জয়ে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, আর লিগ পর্ব থেকেই বিদায় নিতে হলো ঢাকাকে।
শনিবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ পর্বের ২৭তম ম্যাচে এই জয়ের মাধ্যমে ৯ ম্যাচে রংপুরের পয়েন্ট দাঁড়াল ১০। বিপরীতে ঢাকার পয়েন্ট ৯ ম্যাচে মাত্র ৪। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি থাকলেও শেষ চারের সমীকরণ এখানেই শেষ হয়ে গেছে। এর আগে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছিল চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট।
প্লে-অফের আশা টিকিয়ে রাখতে ঢাকাকে জিততেই হতো এই ম্যাচ। তবে রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ইনিংসের প্রথম বলেই উসমান খানের ছক্কায় দারুণ সূচনা হলেও ৩.৫ ওভারে ৪৪ রান তুলতেই ফিরে যান উসমান ও সাইফ। এরপর মিঠুন, নাসিররা ব্যর্থ হলে চাপ বাড়ে ঢাকার ওপর।
৪০ বলে ৮৩ রানের কঠিন সমীকরণের মধ্যে অধিনায়ক মোহাম্মদ মিঠুন আউট হন ২৮ বলে ২৫ রান করে। ৯৯ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর সাইফউদ্দিন ও ইমাদ ওয়াসিম যোগ করেন ৪৮ রান, যা ঢাকার ইনিংসে সর্বোচ্চ জুটি। শেষ দুই ওভারে ঢাকার প্রয়োজন ছিল ৩৫ রান।
উনিশতম ওভারে মুস্তাফিজুর রহমান ম্যাচ পুরোপুরি রংপুরের মুঠোয় নিয়ে আসেন। প্রথম বলেই ইমাদ ওয়াসিমকে ফিরিয়ে দেন তিনি, পরের পাঁচ বলে দেন মাত্র ৪ রান। শেষ ওভারে জয়ের জন্য ঢাকার দরকার ছিল ৩১ রান। সাইফউদ্দিন তিনটি ছক্কা মারলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স তোলে ৭ উইকেটে ১৮১ রান। ওপেনিং জুটিতে ডেভিড ম্যালান ও তাওহিদ হৃদয় গড়েন ১২৬ রান, যা এবারের বিপিএলে ওপেনিংয়ে সর্বোচ্চ এবং যে কোনো উইকেটে তৃতীয় সর্বোচ্চ জুটি। ৭৮ রান করে তাসকিন আহমেদের বলে বোল্ড হন ম্যালান। হৃদয় অপরাজিত থাকেন ৪৪ বলে ৬১ রানে।
হৃদয় তিনবার জীবন পেলেও সুযোগ কাজে লাগান দারুণভাবে। এবারের বিপিএলে এটি তাঁর তৃতীয় ফিফটি। শেষ দিকে রংপুর ২০০ রানের দিকে এগোলেও শেষ তিন ওভারে মাত্র ২৩ রান তুলতে পারে এবং হারায় ৩ উইকেট। ঢাকার হয়ে সাইফউদ্দিন নেন ২ উইকেট।
এই জয়ের মধ্য দিয়ে রংপুর রাইডার্স শেষ চারে জায়গা নিশ্চিত করল, আর আরেকটি হতাশাজনক মৌসুমের ইতি টানল ঢাকা ক্যাপিটালস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
