২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আর আড়াই মাসের মতো আছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ওই টুর্নামেন্টের আগে কেবল আয়ারল্যান্ডের সঙ্গেই টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আজ থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ এমনিতে তেমন আলোচনায় থাকার কথা না থাকলেও বাড়তি ঝাঁজ জুগিয়েছে লিটন দাসের বিস্ফোরক সংবাদ সম্মেলন।
গতকাল আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে লিটন বলেন, ‘আমি এত দিন জানতাম, যখন অধিনায়ক হয় মানুষ, তার দল গোছানোর একটা পরিকল্পনা থাকে। কিন্তু সম্প্রতি জানতে পারলাম, যে দলটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই দলটাকে নিয়ে ভালো কিছু দেওয়া মাঠে।’ বাংলাদেশ অধিনায়কের মতে, দল নির্বাচনে অধিনায়ক ও কোচের ভূমিকা থাকা উচিত।’
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ৩ ম্যাচের সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারতে হয়েছে টাইগারদের। তার আগে টানা চার টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল লিটন দাসের দল। এই মাঠের উইকেট কিছুটা ব্যাটিং সহায়ক। বিশ্বকাপের উইকেটও অনেকটা তেমন।
আজকের ম্যাচের পরিস্কার ফেবারিট বাংলাদেশ। নিজেদের কন্ডিশন, শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা, সবশেষ সিরিজ বাদ দিলে সামগ্রিক টি-টোয়েন্টিতে উন্নতি, সব দিকেই টাইগাররা এগিয়ে। যদিও র্যাঙ্কিংয়ে যদিও দুই দলের ব্যবধান খুব একটা নেই। বাংলাদেশ আছে ৯ নম্বরে, আয়ারল্যান্ড ১১। ছেড়ে কথা না বলার ইঙ্গিত দিয়ে রেখেছেন আইরিশদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা কার্টিস ক্যাম্পারও।
তিনি বলেন, ‘এটা এমন একটি সংস্করণ, যেখানে আমরা বেশি স্বচ্ছন্দ। এই সংস্করণে অনেক বেশি খেলি আমরা। সাম্প্রতিক অতীতে দারুণ কিছু ম্যাচ ও সিরিজ জয়ের স্মৃতি আছে আমাদের। সেই বিশ্বাস সঙ্গী করেই আমরা এগিয়ে যেতে চাই।’
আয়ারল্যান্ডের বিপক্ষে এখনো পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫টিতে জিতেছে বাংলাদেশ। এর মধ্যে সবশেষ দুই জয় এই চট্টগ্রামেই, ২০২৩ সালে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ আইরিশদেরও দারুণ প্রস্তুতির। কারণ, বিশ্বকাপের ভেন্যু ভারত ও শ্রীলংকার পরিবেশতো চট্টগ্রামের সঙ্গেই মেলে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
