ভারত আর ইংল্যান্ডের মধ্যকার শেষ টেস্টের রঙ বদলেছে ক্ষণে ক্ষণে। তবে এ ম্যাচের সব নাটক যেন জমা ছিল শেষ দিনের জন্য। পঞ্চম দিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান, অন্যদিকে ভারতের দরকার ছিল ৪ উইকেট। সুতোয় ঝুলতে থাকা এ ম্যাচ শেষ পর্যন্ত জিতেছে শুভমান গিলের দল। এই জয়ে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পাঁচ ম্যাচের সিরিজ ২-২ এ সমতায় শেষ করল সফরকারীরা।
সোমবার (৪ আগস্ট) ওভাল টেস্টে পঞ্চম দিনের প্রথম দুই বলে টানা বাউন্ডারি হাঁকিয়ে রোমাঞ্চে যেন পানি ঢেলেছিলেন লোয়ার অর্ডার ব্যাটার জেমি ওভারটন। তবে পরের ওভারেই উইকেটকিপার ব্যাটার জেমি স্মিথকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান সিরিজজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা মোহাম্মদ সিরাজ। পরের ১০ রান তুলতে আরও দুই উইকেট হারিয়ে খাদে পড়ে যায় ইংল্যান্ড। ফলে সমীকরণ দাঁড়ায় শেষ উইকেটে ১৭ রানে।
তখন ভাঙা কাঁধ নিয়ে শেষ ব্যাটার হিসেবে মাঠে আসেন ক্রিস ওকস। এই টেস্টের প্রথম দিন বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট পান ক্রিস ওকস। তাকে আগলে রেখে এক প্রান্তে রান তোলার চেষ্টা করেন গাস আটকিনসন। তবে জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকতে আটকিনসনকে বোল্ড করেন সিরাজ। তাতে ৬ রানের নাটকীয় জয়ের উল্লাসে মাটে গোটা ভারতীয় শিবির।
এর আগে সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২২৪ রান করেছিল ভারত। এরপর ইংল্যান্ড অলআউট হয়েছিল ২৪৭ রানে। ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৩৯৬ রান করে ভারত। এরপর ৩৭৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৬৭ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড।
ওভালে ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে ছিল ইংল্যান্ড। এই মাঠে সর্বোচ্চ ২৬০ রানের রানে জিতেছিল ইংল্যান্ড, সেটাও ১২৩ বছর আগে। ১৯০২ সালে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারিয়েছিল স্বাগতিকরা। তাই সিরিজ জিততে হলে বদলাতে হত সেই ইতিহাস। তবে ইতিহাস গড়ার পথে একাই বাধা হয়ে দাঁড়ান মোহাম্মদ সিরাজ। ওভাল টেস্টের পঞ্চম দিনের শুরুতে একাই গুড়িয়ে দিলেন ইংলিশদের।
এ দিন সকালে মাত্র ৯.৩ ওভারেই স্বাগতিকদের ৪ উইকেট তুলে নেয় ভারত। তার মধ্যে সিরাজ একাই নিয়েছেন ৩ উইকেট। সব মিলিয়ে এই ইনিংসে মোট ৫ উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার। আগের ইনিংসেও নিয়েছিলেন ৪ উইকেট। তাতে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। এছাড়া সিরিজজুড়ে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে সিরিজসেরা হয়েছেন গিল ও হ্যারি ব্রুক।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২২৪ ও ৩৯৬।
ইংল্যান্ড: ২৪৭ ও ৩৬৭
ফল: ভারত ৬ রানে জয়ী।
সিরিজ: ৫–ম্যাচ সিরিজ ১–১ ড্র।
ম্যাচ সেরা: মোহাম্মদ সিরাজ।
সিরিজ সেরা: হ্যারি ব্রুক ও শুভমান গিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
