দুর্দান্ত ঢাকার বিপক্ষে মোহাম্মদ মিঠুন একাই দাঁড়িয়েছিলেন! উইকেটের মিছিলে তার হাফসেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ১৪২ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে অধরা জয়ের খুঁজে থাকা সিলেট স্ট্রাইকার্স। ৪৬ বলে ৫৯ রান করে আউট হন মিঠুন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার (২ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাট করতে নামা সিলেট শিবিরে প্রথম ধাক্কাটাই দেন ঢাকার শরিফুল ইসলাম। পূণ্যভূমির দলটির বিপক্ষে প্রথম তিনটি উইকেটই নেন জাতীয় দলের এ পেসার। এরমধ্যে ওপেনার শামসুর রহমান ও চার নম্বরে নামা জাকির হাসানকে গোল্ডেন ডাকে আউট করেন তিনি। শান্ত ১২ বল খেলে করতে পারেন মাত্র ৩ রান।
৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া সিলেটকে টেনে তুলে ধরার চেষ্টা করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও সামিত প্যাটেল। চাপ সামাল দিয়ে দুজনে জুটি বড় করতে থাকেন। ৫৭ রানের জুটির পর প্যাটেলকে ফিরিয়ে ঢাকাকে ব্রেকথ্রু এনে দেন আরফাত সানি। প্যাটেল ৩২ বলে করেন ৩২ রান। রায়ান বার্ল ১ রান করে ফিরেন উসমান কাদিরের ওভারে।
এরপর মিঠুন একাই টানেন সিলেটকে। বেনি হাওয়েল ১১ রান করে আউট হলেও হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। আরিফুল তাকে দারুণ এক ক্যামিও ইনিংসে সঙ্গ দেন। ৯ বলে সিলেট অলরাউন্ডার করেন ২১ রান। শেষ ওভারে ৩টি ওয়াউড দেয়ার পর মিঠুনকে আউট করেন তাসকিন আহমেদ। সিলেট অধিনায়কের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়ের মার।
নাঈম হাসান ৬ ও রেজাউর রহমান রাজা ১ রান করে অপরাজিত থাকেন। শরিফুল ৪টি ও সানি ২টি নেন উইকেট। তাসকিন ও কাদির পান একটি করে উইকেট।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
