মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এই প্রেক্ষাপটে জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন, ভবিষ্যতে আইপিএলে নাম নিবন্ধনের সিদ্ধান্ত নিতে আরও সতর্ক থাকবে বাংলাদেশি ক্রিকেটাররা।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তানজিম বলেন, মোস্তাফিজকে কেন দল থেকে সরিয়ে দেওয়া হলো—এর সুনির্দিষ্ট কারণ এখনো পরিষ্কার নয়। তাঁর ভাষায়, “আইপিএল থেকে ওনাকে কেন বাদ দেওয়া হলো, সেটা আমরা নিশ্চিতভাবে জানি না। এর পেছনে রাজনৈতিক বিষয় থাকতে পারে। কিন্তু ক্রিকেটের সঙ্গে রাজনীতি জড়িয়ে পড়াটা কখনোই ভালো নয়। আমরা খেলোয়াড় হিসেবে আইপিএলে খেলতে চাই বলেই নাম দিই। তবে পরেরবার এই সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক কিছু বিবেচনায় নিতে হবে।”
মোস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই তাঁর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স এবং ক্লাবটির মালিক শাহরুখ খানের বিরুদ্ধে সমালোচনা শুরু হয় ভারতের রাজনৈতিক অঙ্গনে। বিজেপি ও শিব সেনার একাধিক নেতা জাতীয় আবেগকে উপেক্ষার অভিযোগ তোলেন। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশনায় কলকাতা আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মোস্তাফিজকে দল থেকে অব্যাহতি দেয়।
এই ঘটনার রেশ গিয়ে পড়ে দুই দেশের ক্রিকেট সম্পর্কেও। মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হয় দেশের তত্ত্বাবধায়ক সরকার। তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, চলতি মৌসুমে আইপিএলের কোনো সম্প্রচার বা সংশ্লিষ্ট অনুষ্ঠান বাংলাদেশে প্রচার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানায় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে। শ্রীলঙ্কাকে সম্ভাব্য বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করা হয়েছে।
সব মিলিয়ে মোস্তাফিজ ইস্যু শুধু একজন ক্রিকেটারের আইপিএল ভবিষ্যৎ নয়, বরং বাংলাদেশি ক্রিকেটারদের বিদেশি লিগে অংশগ্রহণের সিদ্ধান্তেও নতুন করে ভাবনার জন্ম দিয়েছে—যার ইঙ্গিত স্পষ্ট করে দিলেন তানজিম হাসান সাকিব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
