বারবার চাওয়া সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে শ্রীলঙ্কায় খেলতে দিতে রাজি নয় আইসিসি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাংলাদেশও জানিয়ে দেয়, ভারতে তারা খেলতে যাবে না। আইসিসির এমন কঠোর সিদ্ধান্তের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ভাবনা, ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেট।
ক্রিকেটারদের সঙ্গে আজ বৈঠক শেষে সাংবাদিকদের বুলবুল বলেন, ‘আপনারা হয়তো গতকালকে শুনেছেন একটা ভোট হয়েছে। ভোটের নাম্বারটা আমি অফিসিয়ালি বলতে চাচ্ছি না। আইসিসি সেটা বলতে বারণ করেছে। কিন্তু বিভিন্ন জায়গায় ভোটের সেই নম্বর দেখতে পাচ্ছি। আমরা খুব গর্ববোধ করি বাংলাদেশ নিয়ে কিন্তু বিশ্ব ক্রিকেট নিয়ে আমরা সন্দিহান। ’
বিসিবি সভাপতি বলেন, ‘যেখানে ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাচ্ছে সেখানে আইসিসি এরকম প্রায় ২০০ মিলিয়ন লোকের খেলা দেখার বা যে আকাঙ্ক্ষা…বিশ্বাস করেছিলাম, প্রত্যেকটা লোক সকালবেলা উঠে দেখতে পারবে বাংলাদেশ ক্রিকেট খেলছে, এবং আইসিসি বাংলাদেশের আবেদনটা মেনে নিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলতে যাচ্ছে না কিংবা বাংলাদেশকে একটি আলটিমেটাম বেঁধে দিচ্ছে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো।’
বাংলাদেশ বিশ্বকাপে না খেললে আইসিসি ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন বিসিবি সভাপতি, ‘আগেও বলেছি, বিশ্ব ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো একটি ক্রিকেটপাগল দেশ যদি (বিশ্বকাপ) মিস করে, আইসিসিও বড় একটা মিস করবে। যেখানে ক্রিকেট বড় হচ্ছে, অলিম্পিকে যাচ্ছে আটাশে, বত্রিশে ব্রিসবেন আয়োজন করছে, ছত্রিশে ইন্ডিয়া অলিম্পিক বিড করছে, কমনওয়েলথ গেমস তারা বিড করছে। সেখানে এমন জনবহুল ক্রিকেটপাগল দেশ যদি না যায় এটি হবে আয়োজক দেশের জন্য একটি ব্যর্থতা।
বিশ্বকাপ খেলবেন, এখনো এমনটা মনে করেন বিসিবি সভাপতি, ‘আমরা আমাদের মতো চেষ্টা করে যাবো। আমরা হাল ছাড়ছি না। আমরা আবারও যোগাযোগ করবো আরও কিছু বিষয় নিয়ে এবং চেষ্টা করবো আমাদের ছেলেরা যেন বিশ্বকাপ খেলতে যেতে পারে। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। তবে এই মুহূর্তে আমরা ভারতে যেতে চাই না আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা প্রস্তুত, আমাদের দল প্রস্তুত।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
