মিয়ানমারে গড়া হলো নতুন ইতিহাস। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই ঐতিহাসিক অর্জন নিয়েই রোববার (৬ জুলাই) মধ্যরাতে ঢাকায় ফিরেছেন ঋতুপর্ণা-আফিদারা। ক্লান্ত শরীরে দীর্ঘ ভ্রমণ শেষে ফিরলেও চোখেমুখে ছিল আত্মবিশ্বাস, উচ্চাশা—যেন জানান দিচ্ছিল, এখানেই থেমে নয়, লক্ষ্য এবার বিশ্বমঞ্চ।
ঢাকা পৌঁছানোর পর রাতের নিস্তব্ধতা ভেঙে বাফুফের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে। রাত তিনটার পর ফুটবল দল মঞ্চে ওঠে। ব্যান্ড মিউজিকের সঙ্গে বাজতে থাকে বিদ্রোহী কবির গান ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম…’, আর মঞ্চে দাঁড়িয়ে ছিলেন একদল আত্মবিশ্বাসী নারী যারা শুধু ট্রফি জেতেনি, ভেঙে দিয়েছে বহু বছরের সীমাবদ্ধতা।
সংবর্ধনায় আবেগঘন ভাষণে নিজেদের লক্ষ্য ও লড়াইয়ের কথা তুলে ধরেন দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ঋতুপর্ণা চাকমা ও অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি।
ঋতুপর্ণা বলেন,‘আমরা এখানে এসেছি দলীয় প্রচেষ্টায়। ফুটবল কোনো ব্যক্তিগত দক্ষতার খেলা নয়। আমরা জানি কিভাবে কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হয়। আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখুন, আমরা আপনাদের নিরাশ করব না। আমাদের স্বপ্ন এশিয়া নয়, বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরা।’
অধিনায়ক আফিদার কণ্ঠেও ছিল একই প্রত্যয়। তিনি বলেন,‘এই মুহূর্তটা কখনো ভুলব না। কিরণ ম্যাডাম, তাবিথ আউয়াল স্যারসহ যারা এত রাতে আমাদের এমন সংবর্ধনা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা শুধু দক্ষিণ এশিয়ায় সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা বিশ্বের সেরা মঞ্চে লাল-সবুজের পতাকা উড়াতে চাই।’
২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে এশিয়া থেকে সরাসরি খেলবে ৬ দল, আন্ত-মহাদেশীয় প্লে অফ জিতেও সুযোগ পেতে পারে দুটো দল। এশিয়ান কাপের সেমিফাইনালে খেলা ৪ দল সরাসরিই খেলবে বিশ্বকাপে। আর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া ৪ দল খেলবে দুটো প্লে অফ ম্যাচ। জিতলে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে, আর হেরে যাওয়া দুই দল খেলবে আন্ত-মহাদেশীয় প্লে অফে।
এদিকে অলিম্পিকের বাছাইপর্ব হিসেবেও কাজ করবে ২০২৬ নারী এশিয়ান কাপ। কোনোভাবে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে যেতে পারলেই মিলবে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের বাছাইপর্ব খেলার সুযোগ। সেই বাছাইপর্বে দুই গ্রুপে ভাগ খেলবে দলগুলো। দুই গ্রুপ চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের নারী ফুটবলে সুযোগ পাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
