আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। পাঁচ দলের অংশগ্রহণে এবারের বিপিএলকে সামনে রেখে আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। এরই মধ্যে টুর্নামেন্ট ঘিরে নিজেদের প্রস্তুতি শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
আসন্ন বিপিএলকে সামনে রেখে ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। টালিউড বাদশাহ শাকিব খানের মালিকানাধীন দলটি এবার সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে টাইগার ব্যাটার সাইফ হাসানকে।
ঢাকা ক্যাপিটালসের একটি সূত্র সাইফকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানোর বিষয়টি জানিয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিল এবার সরাসরি সাইনিংয়ে তিনজন ক্রিকেটারকে নেওয়ার নিয়ম বেধে দিয়েছে। তাসকিনের পর সাইফকে দলে নেয়ায় ঢাকার সামনে আরও একটি সুযোগ রয়েছে।
টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হলেও সাইফ এ বছর টি-টোয়েন্টি দিয়ে আলোচনায় এসেছেন। বলা যায়, টি-টোয়েন্টিতে এই মুহূর্তে তিনিই দেশের সবচেয়ে বড় তারকা। দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ১২ ইনিসে ৩৪৪ রান তিনি করেছেন ১৩১.৮০ স্ট্রাইকরেটে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই বছর দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৭টি ছক্কা মেরেছেন সাইফ, সেটাও আবার বাকিদের চেয়ে প্রায় অর্ধেক ম্যাচ কম খেলে। সর্বোচ্চ ৩৮টি ছক্কা মারতে তানজিদ তামিমকে খেলতে হয়েছে ২৪ ইনিংস, ২৯ ছক্কা মারা পারভেজ ইমন ব্যাট করেছেন ২০ ইনিংস।
ঢাকা ক্যাপিটালসের মালিকানা সম্প্রতি রিমার্ক হারল্যান কিনেছেন। দলগুলো নাম পরিবর্তনের পরও এবারও ঢাকা ক্যাপিটালস নামেই খেলবে। গত আসরে ঢাকার হয়ে খেলেছিলেন তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমানরা। তবে পুরো টুর্নামেন্টে দল কাঙ্ক্ষিত ফল করতে পারেনি। এবার নতুন প্রস্তুতি ও তাসকিনের সঙ্গে আগের ছন্দ ধরে রাখার প্রত্যাশায় ঢাকার ক্রীড়াপ্রেমীরা।
এর আগে প্রকাশিত ফ্র্যাঞ্চাইজিদের মালিকানার ভিত্তিতে এবার রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস, নাবিল গ্রুপ পেয়েছে রাজশাহী, সিলেটের মালিক হয়েছে ক্রিকেট উইথ সামি এবং ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
