চলতি মাসের শেষ সপ্তাহে তথা ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। ছয় দলের আসন্ন আসরকে সামনে রেখে কয়েক দফা পেছানোর পর গতকাল রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে খেলোয়াড়দের নিলাম। যেখানে অংশগ্রহণকারী ৬ ফ্র্যাঞ্চাইজি নিজেদের পছন্দ ও সামর্থ্যের গণ্ডিতে থেকে স্কোয়াড গড়েছে।
বিপিএলের নিলামের আগের দিন অবশ্য প্রাথমিক তালিকায় থাকা ৯ ক্রিকেটারের নাম বাদ দেয়া হয়। এই ই তালিকায় ছিলেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতের মতো জাতীয় দলের তারকাও। তাদের বাদ পড়ার নেপথ্যে ফিক্সিংকেই কারণ মনে করা হচ্ছে। শুধু নিলামেই নয়, বিপিএলের আসন্ন আসরজুড়েই ফিক্সিং রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল রাজধানীর পাঁচতারকা হোটেল র্যাডিসনে বিপিএলের নিলাম শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, এবার ফিক্সিং প্রতিরোধে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ক্রিমিন্যাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) সদস্য নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। এ জন্য সিআইডির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হবে।
বিপিএলের দলগুলোর সঙ্গে সিআইডি রাখার বিষয়ে সাখাওয়াত বলেন, ‘খেলার ইন্টিগ্রিটির জন্য আমরা নতুন একটা উদ্যোগ দিয়েছি। আমাদের ইন্টিগ্রিটি দল তো থাকবেই, আমরা বাংলাদেশ পুলিশের সিআইডি যে বিভাগ আছে, সেই সিআইডির সঙ্গে একটা এমওইউ করছি। সিআইডির দুজন অফিসার, একজন পোশাকধারী, অন্যজন সাদাপোশাকে প্রতিটি দলের সঙ্গে থাকবে।’
তিনি বলেন, ‘সিআইডি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে (উন্নত) ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তাদের কাছে আধুনিক সব প্রযুক্তি আছে। এমনকি হোয়াটসঅ্যাপের কথাও তারা দেখতে পারে। তাদের সব ধরনের যন্ত্রপাতি মজুত আছে। ফলে আমরা সরকারের সঙ্গে (কাজ করতে) যাচ্ছি। আর এখানে আমাদের স্বচ্ছতা ও খেলার স্বচ্ছতা। পাশাপাশি আপনাদের এটাও বোঝানো যে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।’
উল্লেখ্য, বিপিএলের এবারের আসরে অংশ নিতে যাচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। যেখানে পুরোনোদের মধ্যে শুধু থাকছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস ফ্র্যাঞ্চাইজি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
