বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে শক্তি বাড়াতে জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার রায়ান বার্লকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে দল না পেলেও টুর্নামেন্টের মাঝপথে সরাসরি চুক্তির মাধ্যমে বার্লকে অন্তর্ভুক্ত করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।
বিপিএলে রায়ান বার্ল একজন নিয়মিত ও কার্যকর বিদেশি ক্রিকেটার হিসেবে পরিচিত। গত আসরেও তিনি রাজশাহীর হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। গত মৌসুমে ১১ ম্যাচে ১৪৬.৫০ স্ট্রাইক রেটে ২৯৩ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে শিকার করেছিলেন ৭টি উইকেট।
এর আগের দুই আসরে সিলেট সিক্সার্স এবং ২০১৯-২০ মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন তিনি। সবমিলিয়ে বিপিএলে ৪ আসর খেলে এই জিম্বাবুইয়ান এখন পর্যন্ত ৫৭১ রান ও ১১টি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন।
চলতি আসরে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স। ৩ ম্যাচে ২ জয় নিয়ে ৪ পয়েন্ট অর্জন করে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে অবস্থান করছে দলটি।
সরাসরি চুক্তি- তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, জেমস নিশাম, হুসাইন তালাত, বিনুরা ফার্নান্দো, রায়ান বার্ল এবং সন্দীপ লামিচানে।
নিলাম থেকে- জিসান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির হোসেন শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
