অবশেষে পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
৬ দল ও ৩৪ ম্যাচের ম্যাসব্যাপী দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের এবারের আসরে ব্যক্তিগত নৈপুণ্যও দেখিয়েছেন বেশ কিছু খেলোয়াড়। যার স্বীকৃতি হিসেবে এবারের বিপিএলে কে কোন পুরস্কার পেলেন, দেখে নেওয়া যাক এক নজরে।
এবার বিপিএলে সব মিলিয়ে মোট প্রাইজমানির পরিমাণ ছিল ৫ কোটি টাকার মতো। এর মধ্যে চ্যাম্পিয়ন হিসেবে রাজশাহী ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার-আপ চট্টগ্রাম রয়্যালস পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা।
ফাইনালে ৬২ বলে ১০০ রানের দারুণ সেঞ্চুরিতে রাজশাহীর ওপেনার তানজিদ হাসান তামিম পেয়েছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার পাঁচ লাখ টাকা। ৩৯৫ রান করা সিলেট টাইটান্সের পারভেজ হোসেন ইমন আসরের সেরা ব্যাটার হিসেবে পেয়েছেন ৫ লাখ টাকা।
এবারের আসরে সেরা বোলার এবং টুর্নামেন্টের এক আসরে রেকর্ড ২৬ উইকেট শিকারি চট্টগ্রামের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম পেয়েছেন ৫ লাখ টাকা। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। সব মিলে শরিফুল একাই পেয়েছেন ১৫ লাখ টাকা।
এছাড়া আসরের সেরা ফিল্ডার হয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস, পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৩ লাখ টাকার চেক। আর উদীয়মান ক্রিকেটারের খেতাব জিতেছেন রাজশাহীর তরুণ পেসার রিপন মণ্ডল, তিনিও পেয়েছেন ৩ লাখ টাকা।
এবারের বিপিএলে কে কোন পুরস্কার পেলেন-
চ্যাম্পিয়ন: রাজশাহী ওয়ারিয়র্স
রানার্সআপ: চট্টগ্রাম রয়্যালস
ম্যান অব দ্য ফাইনাল: তানজিদ হাসান তামিম।
সর্বোচ্চ উইকেটশিকারী: শরীফুল ইসলাম (২৬ উইকেট)।
সর্বোচ্চ রান: পারভেজ হোসেন (৩৯৫ রান)।
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: শরীফুল ইসলাম।
বেস্ট ফিল্ডার: লিটন দাস
ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: রিপন মণ্ডল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
