জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদিকে আজ আবেগঘন পরিবেশে শেষ বিদায় জানিয়েছে দেশের মানুষ। জাতীয় সংসদ ভবন এলাকায় তাঁর জানাজায় উপস্থিত ছিলেন লাখো মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার হওয়া হাদিকে নিয়ে শোকাতুর সবাই।
শনিবার হাদির দাফনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক পোস্টে তাকে স্মরণ করেন জাতীয় দলের ব্যাটার তাওহিদ হৃদয়। তিনি লেখেন,
‘যে সংসদ প্রাঙ্গণে যাওয়ার জন্য লড়াই করছিলেন হাদি ভাই, তিনি গেলেনও সেখানে। বীরের বেশে, হাজার মানুষের সাথে, কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে।
বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না। আল্লাহ পাক তাঁকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই।’
ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন শরিফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত (১৮ ডিসেম্বর) তার মৃত্যু হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
