বিপিএল রেখেই এবার অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে দারুণ বল করছেন তিনি। সোমবারও (২৯ ডিসেম্বর) মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ২ উইকেট নিয়েছেন তিনি। তাতে উইকেট শিকারীদের তালিকায় বর্তমানে সেরা পাঁচে উঠে এলেন তিনি।
রেনেগেডসের বিপক্ষে আজ ৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রিশাদ। গুরুত্বপূর্ণ সময়ে ফিরিয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে। ৯টি ডট বল দিয়েছেন তিনি। বিগ ব্যাশে নিজের অভিষেক আসরে প্রথম তিন ম্যাচে ৩ উইকেট নেওয়া বাংলাদেশি লেগ স্পিনার পরের দুই ম্যাচে নিলেন ৫টি।
মোট ৮ উইকেট নিয়ে তালিকায় পাঁচ নম্বরে রিশাদ। ৭.৭২ ইকোনমিতে উইকেটগুলো সংগ্রহ করেছেন তিনি। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে সবার ওপরে মেলবোর্ন স্টারসের টম কারেন। সমান উইকেট নিলেও ইকোনমি রেটের কারনে দুইয়ে স্টারসে খেলা পাকিস্তানের হারিস রউফ তালিকার দুইয়ে। রিশাদের সমান ৮ উইকেট পেলেও ইকোনমি ও গড় ভালো থাকায় তিন ও চারে যথাক্রমে পিটার সিডল ও জ্যাক এডওয়ার্ডস।
এদিন নিজের প্রথম ওভারে ৮ রান দেন রিশাদ। দলীয় সপ্তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করেন রিশাদ। এই ওভারে ৬ রান দিয়ে রিজওয়ানের উইকেট নেন তিনি।নিজের পরের ওভারে ১৫ রান দিলেও তুলে নেন ম্যাকগার্কের উইকেট। ইনিংসের চতুর্দশ ও নিজের কোটার শেষ ওভারে একটি বাউন্ডারি হজম করলেও মাত্র ৫ রান দেন রিশাদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
