ঢাকাSunday , 17 March 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন লঙ্কান পেসার

BDKL DESK
March 17, 2024 2:45 pm
Link Copied!

টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করে ওয়ানডে জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কার মোকাবিলা করছে বাংলাদেশ। তবে প্রথম ওয়ানডেতে স্বাগতিকরা দাপুটে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে সফরকারীরা ঘুরে দাঁড়িয়েছে। ফলে ১–১ সমতা এসেছে সিরিজে। তাই আগামীকাল (সোমবার) তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। তার আগে দুঃসংবাদ পেয়েছে লঙ্কান শিবির। চোটের কারণে ছিটকে গেছেন তারকা পেসার।

নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ড। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় চোট পেয়েছিলেন বাঁ–হাতি পেসার দিলশান মাদুশঙ্কা। যে কারণে তিনি পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন।

এসএলসি জানিয়েছে, দিলশান মাদুশঙ্কা আর চলমান সফরের অংশ নয়। দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়ার কারণে তাকে পুনর্বাসনের জন্য পাঠানো হচ্ছে। গত ম্যাচেই চোট নিয়ে মাদুশঙ্কা মাঠ ছেড়েছিলেন। পরে এমআরআই স্ক্যানে নিশ্চিত হওয়া গেছে যে, তার বাঁ–পায়ে গুরুতর হ্যামস্ট্রিং চোট রয়েছে।

এ নিয়ে চলমান সফর থেকে দ্বিতীয় কোনো পেসার ছিটকে গেল লঙ্কানদের। এর আগে দ্বিতীয় টি-টোয়েন্টির পর প্রায় একই ধরনের চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন বেবি মালিঙ্গা–খ্যাত পেসার মাথিশা পাথিরানা। ফলে তৃতীয় টি-টোয়েন্টির একাদশে তার পরিবর্তে নেওয়া হয় নুয়ান তুসারাকে। প্রায় একই ধরনের বোলিং অ্যাকশনে তিনি ভড়কে দিয়েছিলেন বাংলাদেশি ব্যাটসম্যানদের। তার অ্যাকশনে বিভ্রান্ত হয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ার পর স্বাগতিকরা সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজও হাতছাড়া করে বসে।

এবারও প্রায় একই সমীকরণ যখন সামনে, তখন তুলনামূলক বড় শক্তিই হারাল লঙ্কানরা। গত দুই ওয়ানডেতে মাদুশঙ্কা ৪ উইকেট শিকার করেছিলেন। পাশাপাশি ব্যাটারদের চাপে রাখতেও বেশ সিদ্ধহস্ত বাঁ–হাতি এই পেসার, যা সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও দেখিয়েছিলেন তিনি। মাদুশঙ্কা ছিটকে যাওয়ায় লঙ্কানদের ওয়ানডের বোলিং বিভাগে বড় ধাক্কাই এসেছে। তাদের স্কোয়াডে পেসারদের মধ্যে আছেন– লাহিরু কুমারা, চামিকা করুণারত্নে, প্রমোদ মাদুশন, জানিত লিয়ানাগে। এর মধ্যে করুণারত্নে এখনও চলতি সিরিজে খেলেননি, হয়তো মাদুশঙ্কার জায়গায় তাকে তৃতীয় ওয়ানডেতে দেখা যেতে পারে!

আগামীকাল (সোমবার) সকাল ১০টায় তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ–শ্রীলঙ্কা। এর আগে লঙ্কানদের দেওয়া ২৫৬ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়েছিল ৬ উইকেটে। এরপর দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকরা ২৮৭ রানের বড় পুঁজি দাঁড় করায়। কিন্তু বোলারদের ব্যর্থতায় লঙ্কানরা ম্যাচটি জিতে নেয় ৩ উইকেটে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।