কিট স্পন্সর পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। জামাল-মোরসালিনদের সাম্প্রতিক পারফরম্যান্সে তাদের জার্সিতে জায়গা পাওয়ার জন্য এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে একাধিক প্রতিষ্ঠান। যা চূড়ান্ত হতে পারে মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগেই। এদিকে জার্সিবার্ডের নামে ফেসবুকে শিগগিরই ঘোষণার কথা বলা হলেও বাফুফের দাবি তাদের সঙ্গে আনুষ্ঠানিকতাই শুরু হয়নি।
পারফরম্যান্সে জামাল-মোরসালিনরা মন জয় করে চলেছেন দর্শকদের। বাংলাদেশের ফুটবল আগ্রহ বাড়িয়ে চলেছে দেশের মানুষের মধ্যে। ২০২৩ সালের একেকটি ম্যাচ দেশের ফুটবলে সুদিন ফেরানোর বার্তা।
২০২১ সাল থেকে স্পন্সর নেই বাংলাদেশ দলের। এফবিটি, লোটো ছিলো কিট স্পন্সর হিসেবে। পৃষ্ঠপোষক নোকিয়া, সিটিসেল, গ্রামীণফোনের পর সবশেষ টিভিএসের লোগো জায়গা করে নিয়েছিল বাংলাদেশের জার্সিতে। আবারও সে অপেক্ষা।
একাধিক প্রতিষ্ঠান এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে। মার্চে ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচের আগেই হতে পারে চুক্তি। এদিকে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া সামগ্রী প্রতিষ্ঠান জার্সিবার্ড নামের একটি ফেসবুক পেইজ থেকে দাবি করা হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তির অনেকটাই চূড়ান্ত। দুই প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে ছবি এবং ভিডিওর মাধ্যমে দাবি করা হচ্ছে, শিগগিরিই আসবে সুখবর। কিন্তু ফুটবল ফেডারেশন বলছে তাদের সঙ্গে আনুষ্ঠানিকতাই শুরু হয়নি। উল্লেখ্য, জার্সিবার্ড ফিলিপাইনের কিট পার্টনার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
