বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আরহাম ইসলাম। বাংলাদেশে জন্ম হলেও ছোটবেলায় বাবা–মায়ের সঙ্গে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। সেখানেই ফুটবলে হাতেখড়ি তার। ১৭ বছর বয়সী এই উইঙ্গার এখন নিয়মিত খেলছেন অস্ট্রেলিয়ার ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব-২৩ দলে।
তবে শিকড়ের টানে ২০২৪ সালের নভেম্বরে কম্বোডিয়ায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের জার্সি গায়ে খেলেছিলেন তিনি। কিন্তু এরপর গত এক বছরে আর তাকে বাংলাদেশের কোনো বয়সভিত্তিক দলের ক্যাম্প বা টুর্নামেন্টে বিবেচনা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাংলাদেশ ফুটবলে উপেক্ষিত হলেও প্রতিভার কদর করতে ভুল করেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশি বংশোদ্ভূত এই উইঙ্গারকে অনূর্ধ্ব-২০ জাতীয় দলে ডেকেছে দেশটির ফুটবল ফেডারেশন। চলতি মাসেই জাপানে অনুষ্ঠিতব্য এসবিএস কাপে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব–২০ দলের ২০ জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।
এসবিএস কাপে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ ডিসেম্বর স্পেনের বিপক্ষে। এরপর ২০ ডিসেম্বর স্বাগতিক জাপানের শীর্ষ ক্লাব শিজুওকা প্রিফেকচারের বয়সভিত্তিক দলের মুখোমুখি হবে তারা। ২১ ডিসেম্বর জাপানের বিপক্ষেই আসরের শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ানরা।
এই টুর্নামেন্টে দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন রিচার্ড গার্সিয়া। নিয়মিত হেড কোচ ট্রেভর মরগান বর্তমানে ফুটবল অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে থাকায় তিনি দলের সঙ্গে থাকতে পারছেন না। মরগান ও গার্সিয়ার বাছাই করা এই স্কোয়াডে অস্ট্রেলিয়া ও জাপানভিত্তিক ফুটবলারদেরই ডাকা হয়েছে। দলে রয়েছেন ১৩ জন নতুন মুখ, যাদের একজন আরহাম ইসলাম।
কম্বোডিয়ায় অনূর্ধ্ব–১৭ বাছাইয়ে বাংলাদেশের হয়ে দারুণ খেললেও গত এক বছরে আরহামকে ডাকেনি বাফুফে। এ নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের একাংশের মধ্যে ক্ষোভও দেখা গেছে। অনেকের মতে, দেশের ফুটবলে প্রতিভা চেনার ঘাটতির আরেকটি উদাহরণ এটি।
অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব–২০ দলে জায়গা পাওয়ার পর আরহাম ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলবেন কি না এখন আবার প্রশ্ন উঠছে। সে বিষয়ে বাফুফে কিংবা আরহামের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে অস্ট্রেলিয়ার জার্সিতে তার পারফরম্যান্স ভবিষ্যতে তাকে কোথায় নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
