সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন মাত্রা দিয়েছে বিদেশি লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী, যার মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০১৩ সালে জামাল ভূঁইয়ার মাধ্যমে শুরু হওয়া প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে যুক্ত হওয়ার যাত্রা এখন এক নতুন দিগন্তে পৌঁছেছে, আর হামজা যোগ দেওয়ার পর সেই যাত্রা আরও শক্তিশালী হয়েছে।
এ পর্যন্ত জামাল ভূঁইয়া ছাড়াও প্রবাসী ফুটবলার হিসেবে জাতীয় দলে যুক্ত হয়েছেন তারিক কাজী, শমিত সোম এবং ফাহামিদুল ইসলাম। এখন আলোচনায় উঠে এসেছে আরেক নতুন ফুটবলার, যার নাম ফারহান আলী ওয়াহিদ। ফুলহামের বয়সভিত্তিক দলে খেলা ফারহান গতকাল ক্লাবটির সঙ্গে প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই সাফল্য পোস্ট করার পর থেকেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রে তিনি।
ফারহান আলী ওয়াহিদ ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও তার মা-বাবা দুজনেই বাংলাদেশি। ফুটবলে তার যাত্রা শুরু হয় চেলসির সঙ্গে, পরে ২০১৯ সালে চেলসি অনূর্ধ্ব-১২ দল ছেড়ে যোগ দেন ফুলহামে। এরপর তিনি ফুলহামের অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেন। গত মৌসুমে কিছু চোটের পরও, তিনি ফুলহাম অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২০ ম্যাচে ৭ গোল এবং ৪টি অ্যাসিস্ট করেন।
ফুলহাম অনূর্ধ-২১ দলের হয়ে তার অভিষেক হয়, যেখানে তিনি প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপে পিএসভির বিপক্ষে ড্রয়ের ম্যাচে গোল করেন। এই পারফরম্যান্সই তার পেশাদার চুক্তির দ্বার খুলে দেয়।
ফুলহামের সঙ্গে পেশাদার চুক্তি স্বাক্ষরের পর ফারহান বলেন,‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি ফুটবল খেলতে শুরু করার পর থেকেই এই মুহূর্তের জন্য পরিশ্রম করেছি, আর এখন এই পর্যায়ে পৌঁছাতে পারা সত্যিই অসাধারণ।’ তিনি আরও যোগ করেন,‘আমি ফুলহামে যোগ দিই অনূর্ধ-১৩ পর্যায়ে, আর এটা ছিল রোলার কোস্টারের মতো এক যাত্রা। পুরো পথচলাটা দারুণ ছিল এবং পরিবার সব সময় আমাকে সহায়তা করেছে।’
ফারহান যদিও বাংলাদেশের হয়ে খেলবেন কি না তা নিশ্চিত নয়, তবে তার মা-বাবার কারণে আগামী দিনে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আলোচনায় থাকবেন তিনি। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলার পর ফারহান নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। ২০২০ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেও, তখন কোনও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
