দেখতে দেখতে পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের ১২তম আসরের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শিরোপা লড়াই চলছে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্সের। এদিকে সম্প্রতি ক্রিকেট ভিত্তিক কন্টেন ক্রিয়েটরের ভিডিওতে উঠে আসে চলমান বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে। এমন খবর প্রকাশিত হওয়ার পর ১২তম বিপিএলে আসরের ফাইনালের মাঝে শামীম পদত্যাগ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিসিবি পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যানসহ সকল দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার কথা জানিয়েছেন তিনি।
শামীম লেখেন, ‘সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যানসহ আমার সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিছিয়ে, যেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায়। এটি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ।’
তিনি আরও লেখেন, ‘এই সিদ্ধান্ত নেয়া কষ্টের হলেও বিশ্বাস করি, ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম সবার আগে।’ তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জানান, ‘তদন্তে পূর্ণ সহযোগিতা করব এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। সবসময় বাংলাদেশের ক্রিকেটের পাশে ছিলাম, আছি, থাকব।’
এদিকে ক্রিকেট ভিত্তিক কন্টেন ক্রিয়েটরের ভিডিওতে জানা যায়, শামীমের একাধিক কল রেকর্ড তুলে ধরা হয়েছে, যেখানে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার আলামত পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
এবারের বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) সিলেট পর্বে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস-এর ম্যাচগুলোতে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। প্রতিবেদন অনুসারে, শামীম সিলেটের নূরজাহান হোটেলে স্পট ফিক্সারদের একত্রিত করতেন। সেখান থেকেই তার নিজের লোকজনের সঙ্গে ফিক্সিংয়ের পরিকল্পনা, টাকা-পয়সা লেনদেন, কে কোথায় থাকবে, কত টাকা দেওয়া হবে এসব বিষয়ে আলোচনা হতো। এমনকি অগ্রিম টাকা দেওয়ার কল রেকর্ডও প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে।
নোয়াখালী এক্সপ্রেস দলের সঙ্গে যুক্ত তৌহিদ হোসেন এবং ইমরান হাসান-এর বিরুদ্ধেও ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। পরে বিসিবির নির্দেশে তাদের দল থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু অভিযোগ অনুযায়ী, শামীম অন্য কিছু লোকের মাধ্যমে নিয়ন্ত্রণ চালিয়ে যান।
উল্লেখ্য, মোখলেছুর রহমান শামীম সর্বশেষ বিসিবি নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়ে বোর্ডে যোগ দেন। এদিকে বিপিএলে ৬ দলের মধ্যে নোয়াখালী এক্সপ্রেস সবার আগে বাদ পড়ে, তারা লিগ পর্বে ষষ্ঠ স্থানে থেকে বিদায় নেয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
