দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেল নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। শেষ পর্যন্ত আর মেয়াদ বাড়লো না না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের।
তাদের বদলে এখন প্রধান নির্বাচক করা হয়েছে গাজী আশরাফ হোসেন লিপুকে। এছাড়া তাদের সঙ্গে থাকবেন হান্নান সরকার ও আব্দুর রাজ্জাক। সোমবার (১২ ফেব্রুয়ারি) বোর্ড সভাশেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার আগে বিসিবির পরিচালনা কমিটিতে ছিলেন। এছাড়া তিনি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
প্রথমবারের মতো প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার বিষয়টি বিসিবি বসের কলে জানতে পেরেছিলেন লিপু। অবশ্য আগেই প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব গেছে তার কাছে। তাতে তার সম্মতি পাওয়ার পরই বোর্ড এই সিদ্ধান্ত নেয়।
প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার পর দেশের একটি গণমাধ্যমকে লিপু বলেন, ‘আমার জন্য সম্পূর্ণ নতুন একটা ভূমিকা। এর আগেও প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু ব্যক্তিগত কারণে প্রস্তাবটা গ্রহণ করতে পারিনি। এবার যখন বিসিবি থেকে প্রস্তাব পেলাম, মনে হলো আমার জন্য নতুন কিছু করার সুযোগ। প্রস্তাবটা গ্রহণ করি।’
এই দায়িত্বের নিজের চ্যালেঞ্জ নিয়ে তিনি আরও বলেন, ‘সব দায়িত্বেই কোনো না কোনো চ্যালেঞ্জ থাকে। এখানেও থাকবে স্বাভাবিক। তবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করার মধ্যেই আনন্দ বেশি থাকে। আশা করি যারা আমার সঙ্গে কাজ করবেন তাদের সঙ্গে আমি ভালোভাবেই আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারব।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
