বিতর্কের পর্দা সরিয়ে সম্পূর্ণ নতুন পদ্ধতির নিলামের জন্য তৈরি হচ্ছে বিপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজি দল। প্রতিটি দলের জন্য বাধ্যতামূলক দেশি–বিদেশি খেলোয়াড়ের সংখ্যা নির্ধারণ, সরাসরি সাইনিং, ক্যাটাগরি ভিত্তিক নিলাম সবকিছু মিলিয়ে এবারের আসর আগের যেকোনো সময়ের চেয়ে বদলে যাওয়া চেহারায় হাজির হচ্ছে।
মূল নিলামের একদিন আগে শনিবার অনুষ্ঠিত হবে মহড়া, যেখানে ছয় দলই অংশ নেবে। এরইমধ্যে সরাসরি সাইনিংয়ের মাধ্যমে প্রতিটি দল দুজন করে মোট ১২ জন দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।
সরাসরি সাইনিংয়ে ঢাকা দলভুক্ত করেছে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে। রংপুর নিয়েছে মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহানকে, সিলেট দলভুক্ত করেছে নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে। অন্যদিকে রাজশাহী নিয়েছে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমকে। নোয়াখালীতে হাসান মাহমুদ ও সৌম্য সরকার এবং চট্টগ্রামে শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলাম।
প্রতিটি দল নিলাম থেকে কমপক্ষে ১২ জন দেশি ও ২ জন বিদেশি ক্রিকেটার নিতে বাধ্য। ছয় ক্যাটাগরিতে মোট ১৬৬ জন দেশি, আর পাঁচ ক্যাটাগরিতে ১৯৭ জন বিদেশি ক্রিকেটারকে ভাগ করা হয়েছে।
এ ক্যাটাগরিতে ছিল ছয় ক্রিকেটার। সরাসরি সাইনিংয়ে চারজনকে দল নিলেও অবিক্রিত রয়ে গেছে মাত্র দুজন, তারা হলেন- বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ও ওপেনার নাঈম শেখ।
এ ক্যাটাগরির ক্রিকেটার এখনো নেয়নি নোয়াখালী ও চট্টগ্রাম। তাই এ দু’দলের মধ্যেই হবে লিটন ও নাঈমকে দলে ভেড়ানোর লড়াই।
ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি বিদেশি ক্রিকেটারও নিতে পারে। তেমন সুযোগ কাজে লাগিয়ে কয়েক দল দলে টেনেছে উল্লেখযোগ্য নাম।
নোয়াখালী দলে নিয়েছে শ্রীলঙ্কার কুশাল মেন্ডিসকে, ঢাকা ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অ্যালেক্স হেলসকে, সিলেট পাকিস্তানের মোহাম্মদ আমিরকে, চট্টগ্রাম দলভুক্ত করেছে পাকিস্তানের আবরার আহমেদকে।
অন্যদিকে প্রথমবারের মতো বিপিএল নিলামে থাকছেন ভারতের অভিজ্ঞ লেগস্পিনার পীযূষ চাওলা। আইপিএলে না খেলার কারণে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে তার কোনো বাধা নেই।
নিলামে মোট ১৬৬ ক্যাটাগরিতে ১৫৪ জন দেশীয় ক্রিকেটার রয়েছেন। অন্যদিকে ১৯৭ ক্যাটাগরিতে বিদেশি ক্রিকেটার রয়েছেন ১৯১ জন।
সব মিলিয়ে এবারের বিপিএল নিলাম হতে যাচ্ছে সবচেয়ে বড় ও কাঠামোগতভাবে নতুন এক আয়োজন, যেখানে দলগুলোর কৌশল, বাজেট ও স্কাউটিং সবকিছুর পরীক্ষাই হবে প্রথমবারের মতো আসল নিলাম টেবিলে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
