ঢাকাThursday , 27 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

নারী আইপিএল নিলামে অবিক্রিত রইলেন তিন বাংলাদেশি ক্রিকেটার

BDKL DESK
November 27, 2025 11:09 pm
Link Copied!

আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাওয়া নারী আইপিএলের (ডব্লিউপিএল) চতুর্থ আসরের নিলাম আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এই নিলামে নাম দিয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার এবং স্পিনার রাবেয়া খান। তবে নিলাম শেষে বাংলাদেশি এই তিন ক্রিকেটারই অবিক্রিত থেকেছেন।
তিনজনের মধ্যে নিলামে তোলা হয়েছিল মারুফা আক্তার ও রাবেয়া খানকে। ৩০ লাখ রুপি ভিত্তিমূল্য থাকা মারুফা আক্তার ২০২৬ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে প্রশংসা কুড়িয়েছিলেন। তবে এই পেসার কিংবা রাবেয়া খান—কারও প্রতিই আগ্রহ দেখায়নি পাঁচটি ফ্র্যাঞ্চাইজির কেউই। এই নিলামে অবশ্য অলরাউন্ডার স্বর্ণা আক্তারকে কোনো সেটে তোলাই হয়নি।

বাংলাদেশিরা অবিক্রিত থাকলেও নিলামে বড় চমক দেখিয়েছেন বেশ কিছু আন্তর্জাতিক তারকা। ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা নারী আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হন। ‘রাইট-টু-ম্যাচ’ (আরটিএম) ব্যবহার করে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে ফিরিয়ে নেয় ইউপি ওয়ারিয়র্স (ইউপি ডব্লিউ)।

প্রথম বিক্রি হওয়া খেলোয়াড় ছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার সোফি ডিভাইন, তাকে ২ কোটি রুপিতে দলে নেয় গুজরাট জায়ান্টস। কিউই অলরাউন্ডার অ্যামেলিয়া কেরকে ৩ কোটি রুপি খরচ করে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মেগ ল্যানিংকে ১ কোটি ৯০ লাখ রুপিতে দলে নেয় ইউপিডব্লিউ আর দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টকে ১ কোটি ১০ লাখ রুপিতে পায় দিল্লি ক্যাপিটালস।

দিনের শুরুতেই চমক রেখে নিলামে অবিক্রীত থেকে যান অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার অ্যালিসা হিলি। অবিক্রিত ছিলেন ভারতের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রাতিকা রাওয়ালও। ইউপি ওয়ারিয়র্স দীপ্তি ও ল্যানিংকে নেয়ার পর আরও শক্তি বাড়াতে অস্ট্রেলিয়ার ২২ বছর বয়সী ফিবি লিচফিল্ডকে ১ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয়। আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে নারী আইপিএল শেষ হবে ৫ ফেব্রুয়ারি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।