প্রায় ২২ বছর পর ২০২৬ সালের আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তবে এবারও মেলবোর্ন বা অ্যাডিলেডের মতো কোনো ভেন্যুতে নয়, অস্ট্রেলিয়ান গ্রীষ্মের আগে হওয়ায় সেই সিরিজের জন্য নতুন ভেন্যুর কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েব পোর্টালের খবর অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য তাই দেশটির ১২তম টেস্ট ভেন্যু হিসেবে কুইন্সল্যান্ড রাজ্যের ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার অভিষেক হতে পারে।
২০২৬-২৭ মৌসুমটি অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য একটি ব্যতিক্রমী মৌসুম, যেখানে প্রচলিত গ্রীষ্মকালীন মৌসুমে মূল ভেন্যুগুলোতে মাত্র চারটি টেস্ট নির্ধারিত হয়েছে। এই কারণে ১৯৭৬-৭৭ মৌসুমের পর প্রথমবারের মতো ব্রিসবেনের গ্যাবায় কোনো টেস্ট ম্যাচ হবে না। এই অনিশ্চয়তার কারণে ব্রিসবেন বাদ পড়লেও কুইন্সল্যান্ড রাজ্যের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি নিশ্চিত করেছেন যে তার রাজ্য একটি টেস্ট পাবে।
তিনি বলেন,’আমরা একটি টেস্ট পাব; সেটা হবে ম্যাকাইয়ে, বাংলাদেশের বিপক্ষে।’ দেশের উষ্ণ উত্তরাঞ্চলে একাধিক বিকল্প খুঁজছে সিএ, যেখানে সারা বছর উষ্ণ আবহাওয়ার কারণে শীতকালেও ক্রিকেট সম্ভব।
তবে দুই ম্যাচের টেস্ট সিরিজের ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাকাইয়ের পাশাপাশি কেয়ার্নস ও ডারউইনও থাকছে বিবেচনায়, যেখানে ২০০৩ সালে বাংলাদেশ খেলেছিল। টাউনসভিলও বিবেচনাধীন রয়েছে। ক্রিকেট নর্দার্ন টেরিটরির প্রধান নির্বাহী ডারউইনে ম্যাচ পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন।
ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা ভেন্যুটি ১০ হাজার আসনের গ্র্যান্ডস্ট্যান্ড তৈরি এবং সম্প্রচার ও ট্রেনিং সুবিধা বৃদ্ধির জন্য রাজ্য সরকার থেকে ২ কোটি ডলার তহবিল পেয়েছে। এই মাঠে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি সাদা বলের সিরিজ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অতীতে অস্ট্রেলিয়া ও ভারতসহ নিউজিল্যান্ডের মধ্যে নারী আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে মাঠটির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
