তানজিদ হাসান তামিমের এই ম্যাচ খেলারই কথা ছিল। সৌম্য সরকার ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পাওয়ায় কনকাশন-সাব হিসেবে ব্যাটিংয়ের সুযোগ পান তামিম। সুযোগ পেয়েই বাজিমাত।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ৮১ বলে ৮৪ রানের মারকুটে এক ইনিংস বেরিয়ে আসে তামিমের উইলো থেকে। তবে ২৩৫ রান তাড়ায় তামিম যখন আউট হয়েছেন, ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপদেই বাংলাদেশ। তামিমের উইকেট বিলিয়ে আসাটাকে তাই ভালো চোখে দেখছেন না নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ অধিনায়ক তামিমের ইনিংস নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘খুবই ভালো। ইনিংসটা যেভাবে শুরু করেছে খুবই ভালো। যতক্ষণ পর্যন্ত ব্যাটিং করেছে, বিশেষ করে মিডল ওভারে খুবই ভালো ব্যাটিং করেছে। কিন্তু যেভাবে আউট হয়েছে, আমরা খুশি ছিলাম না। কারণ সেট ব্যাটার এই ধরনের উইকেটে খেলাটা শেষ করে আসতে পারলে দলের লাভ হয়।’
‘কেউ ৮০ করেছে, ১০০ করেছে এটা আসলে মেটার করে না। যতক্ষণ না টিম জিততেছে। গুরুত্বপূর্ণ হলো টিমের কতটুকু হেল্প হচ্ছে। অবশ্যই ভালো ব্যাটিং করেছে তবে খেলাটা শেষ করে আসা উচিত ছিল’-শান্তর কণ্ঠে হতাশা।
রিশাদ হোসেন ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে দলকে জিতিয়েছেন। বল হাতে একটি উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ১৮ বলে ৪৮ রানের ঝড় তুলেন এই লেগস্পিনার।
খেলোয়াড় হিসেবে সব ডিপার্টমেন্টেই রিশাদের উন্নতি বেশ চোখে পড়ছে। তবে এখনই তাকে নিয়ে এত মাতামাতির কিছু দেখছেন না শান্ত।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘(রিশাদ) খুব ভালো ফিল্ডার। ব্যাটিংয়ে উন্নতি করছে আস্তে আস্তে। বোলিংটা ইম্পর্টেন্ট। আজকেও যেভাবে বল করেছে, মাঝখানে গুরুত্বপূর্ণ একটা উইকেট নিয়েছে। এটা তো অবশ্যই দলের জন্য ভালো। তবে এখনই খুব বেশি এক্সাইটেড হওয়ার প্রয়োজন নেই। অনেক উন্নতির জায়গা আছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
