প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। ট্রফি জেতার পরপরই বরিশালের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। এবার তাদের জন্য আরও সুখবর নিয়ে এলেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান।
বিপিএলের শিরোপা নিয়ে বরিশালে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। রোববার (৩ ফেব্রুয়ারি) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে এই ঘোষণা দিয়েছেন তিনি। ৭ তারিখের পর যেকোনো দিন ট্রফি নিয়ে বরিশাল যাবেন বলে জানিয়েছেন তিনি।
ফেসবুকের ওই ভিডিওতে ফরচুন বরিশালের মালিক জানান, ‘আমাদের সমর্থন করার জন্য ফরচুন বরিশালের সকল সমর্থককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ট্রফি নিয়ে ৭ তারিখের পরপরই যেকোনো একদিন বরিশালে আসছি। আপনারা আমাদের এই উদযাপনের সাথে থাকুন।’
বরিশাল বিভাগের সকল জেলার সমর্থককে ট্রফি উদযাপনে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, ‘বরিশাল বিভাগের সকল জেলার সমর্থককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ৭ তারিখের পর আমরা যেই তারিখ দিব ওই তারিখে আপনারা দয়া করে চলে আসবেন।’
গত শুক্রবার (১ মার্চ) বিপিএলের ফাইনাল ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সেরা খেলোয়াড় হয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
