মিরপুরের স্পিনবান্ধব উইকেটে ফরচুন বরিশালের বিপক্ষে চাপের মুখে থাকা সত্ত্বেও জাকের আলীর বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তারা করেছে ১৪০ রান।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ১৬ বলে ৩৮ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন জাকের। তার ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছয়ের মার।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই তোপের মুখে পড়ে কুমিল্লা। বরিশালের কিপটে ও নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪০ রানের মাথায়ই তারা হারিয়ে ফেরে ৩ উইকেট। দলীয় ২৪ রানে সুনিল নারিনের পর ৩৮ রানে লিটন কুমার দাস ও ৪০ রানে বিদায় নেন মাহিদুল ইসলাম। নারিনের উইকেট নেন ওবেদ ম্যাককয়, লিটন ও মাহিদুল আউট হন তাইজুল ইসলামের বলে। নারিন ১৬, লিটন ১২ ও মাহিদুল করেন ১ রান।
এরপর মঈন আলি ও তাওহীদ হৃদয় মিলে ৩৬ রানের জুটি গড়ে তুলেন। হৃদয় ২৬ বলে ২৫ রানে বিদায় নিলে ভাঙে সেই জুটি। হৃদয়কে আকিফ জাভেদের ক্যাচে পরিণত করেন ম্যাককয়। ২২ বলে ২৪ রান করে মঈন শিকার হন আকিফ জাভেদের। এরপর আন্দ্রে রাসেল খেলেন ১১ বলে ১৪ রানের ইনিংস। তাকে প্যাভিলিয়নে ফেরান তাইজুল।
ম্যাথু ফোর্ডে গোল্ডেন ডাকে ফিরেন মোহাম্মদ সাইফউদ্দিনের ওভারে। তাতে একশর আশেপাশে থেমে যাওয়ার শঙ্কা দেখা দেয় কুমিল্লার। কিন্তু জাকের আলী একাই লড়াইয়ের পুঁজি এনে দেন দলকে। মিরপুরের স্পিনবান্ধব উইকেটে বুদ্ধিদীপ্ত ব্যাটিং করেন তিনি। জাকের ব্যাট করেছেন ২৩৭.৫০ স্ট্রাইকরেটে, যেখানে তার সতীর্থদের মধ্যে সবোর্চ্চ স্ট্রাইকরেট আন্দ্রে রাসেলের (১২৭.২৭)।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
