দেশে দক্ষ কোচ তৈরির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে তিনদিনব্যাপী কোচিং কর্মশালা। লেভেল-এ কোচিং কোর্সটি পরিচালনা করছে বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিট। আজ শনিবার কোর্সের দ্বিতীয় দিনে বিসিবির গেম ডেভেলপমেন্টের বর্তমান হেড অব অপারেশন্স হাবিবুল বাশার জানালেন, দেশে এখন কোচিং পেশায় আগ্রহ বাড়ছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক এই অধিনায়ক বলেন, ‘ক্রিকেটটা ছড়িয়ে দিতে হলে শুধু ক্রিকেট খেললেই হবে না, ক্রিকেট এডুকেটেড হওয়া খুব জরুরি। তাই এখানে যারা (কোর্স করতে) আসছেন, তারা আসলে তৃণমূল পর্যায়ে কাজ করেন। আমরা যদি তাদের সঠিক প্রশিক্ষণ দিতে পারি, একটু আপগ্রেড করতে পারি, সেটা দিনশেষে বাংলাদেশের ক্রিকেটেরই কাজে লাগবে। আমরা সামনে আরও বেশি বেশি এ ধরনের সেমিনার করব।’
দেশের অনেক ক্রিকেটারই ক্যারিয়ার শেষে কোচিংয়ে আগ্রহী হয়ে উঠছেন বলে জানালেন হাবিবুল। এটাকে তিনি দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন, ‘কোয়ালিটি কোচিং খুব গুরুত্বপূর্ণ। এটারই একটা প্রয়াস আমাদের এবারের সেমিনার। আমাদের ক্রিকেটারদের আগে এত কোচিংয়ে আসতে দেখিনি। ইনফ্যাক্ট পাঁচ-দশ বছর আগেও এত কোচিংয়ে আসতে চাইত না। এখন অনেককেই দেখছি, প্রথম শ্রেণির ক্যারিয়ার শেষ করে কোচিংয়ে আসতে চাইছে।’
তিনি আরও বলেন, ‘লেভেল ওয়ান কোর্স করার জন্য অনেকের সিভি জমা পড়েছে। অনেকের সিভি জমা পড়েছে মানে যারা ফার্স্ট ক্লাস প্লেয়ার যারা এখনো খেলছেন অথবা আর এক দুই বছর খেলবেন তারা কোচিংয়ে আসতে চাচ্ছেন। ভালো কোচ যদি আমরা প্রডিউস করতে পারি তাহলে অবশ্যই বাইরের দেশে তারা ডাক পাবেন। বাট আমার আসলে মূল চিন্তার বিষয় আমাদের যে ক্রিকেটটা সেখানে কিভাবে আমরা আরো ভালো কোচ বানাতে পারি, সেখানে কীভাবে ভালো কোচিং করাতে পারি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
