ঢাকাSunday , 13 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এশিয়া কাপ হকিতে মেয়েদের প্রথম পদক

BDKL DESK
July 13, 2025 5:51 pm
Link Copied!

বাংলাদেশ নারী হকি দল ইতিহাস গড়ল অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়েই ব্রোঞ্জ পদক জিতে নিল বাংলাদেশের মেয়েরা। রোববার (১৩ জুলাই) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে এ সাফল্য অর্জন করে তারা।
ম্যাচে হ্যাটট্রিক করে নায়িকায় পরিণত হন আইরিন আক্তার। তিন গোল করে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন তিনি। প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়া বাংলাদেশ ১২ মিনিটে আইরিনের গোলে সমতায় ফেরে। এরপর ১৮ ও ২০ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। দলের পক্ষে বাকি গোলগুলো করেন অধিনায়ক শারিকা রিমন, কণা আক্তার ও রিয়াশা রিশি।

এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা মোট ১৪টি গোল করেছে এবং হজম করেছে ২৪টি। দলের সর্বোচ্চ ৫ গোল করেছেন আইরিন, দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল করেন কণা আক্তার।

গ্রুপ পর্বে শুরুটা ভালো না হলেও টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মেয়েরা। প্রথম ম্যাচে জাপানের কাছে ১১-০ গোলে হারের পর উজবেকিস্তান ও হংকংকে হারিয়ে সেমিফাইনালে উঠে তারা। যদিও চীনের বিপক্ষে ৯-০ গোলের বড় হার এবং কাজাখস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে ফাইনালের স্বপ্ন ভাঙে। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুর্দান্ত খেলে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে দলটি।

এদিকে, ছেলেদের বিভাগে বাংলাদেশের হকি দল মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরে পদক বঞ্চিত হয়েছে। তারা টুর্নামেন্ট শুরু করেছিল হংকংকে হারিয়ে, তবে সেমিফাইনালে জাপানের কাছে ৬-৪ গোলে হেরে যায়।

টুর্নামেন্টের ফাইনালে মেয়েদের বিভাগে মুখোমুখি হবে জাপান ও চীন। ছেলেদের বিভাগে শিরোপার জন্য লড়বে জাপান ও পাকিস্তান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।